বিদায় নিল সব আর্জেন্টাইন দল, ব্রাজিলের ৪ দলই নকআউটে

অনলাইন নিউজ ডেস্ক
২৬ জুন ২০২৫ ১২:৩১ পিএম
বিদায় নিল সব আর্জেন্টাইন দল, ব্রাজিলের ৪ দলই নকআউটে

আন্তর্জাতিক ফুটবলে সাম্প্রতিককালের অন্যতম সফল দল আর্জেন্টিনা। ২০২২ সালে কাতার বিশ্বকাপের শিরোপা জেতার আগে-পরে হয়েছে মহাদেশীয় চ্যাম্পিয়ন। সাবেক ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে জিতেছে ফিনালিসিমাও। অন্যদিকে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ফুটবলে চলছে অন্ধকার যুগ। বাধ্য হয়ে আলোর খোঁজে ঐতিহ্য ভেঙে বিদেশি কোচের শরণাপন্ন হয়েছে সেলেসাওরা। অথচ চলমান ক্লাব বিশ্বকাপে পুরোই ভিন্নচিত্র। ব্রাজিলিয়ান ক্লাবগুলোর দাপটের পাশে বড্ড বিবর্ণ আর্জেন্টিনার ক্লাবগুলো।

এবারের ক্লাব বিশ্বকাপে খেলছে ব্রাজিলের চার দল–বোতাফাগো, ফ্লুমিনেন্স, ফ্লামেঙ্গো ও পালমেইরাস। আর আর্জেন্টিনার আছে দুই ক্লাব–রিভারপ্লেট ও বোকা জুনিয়র্স। এবারের বিশ্বকাপে সাফল্যের খতিয়ানে দুই মেরুতে দক্ষিণ আমেরিকার দুই ফুটবলপাগল দেশের ক্লাবগুলো। গ্রুপ পর্বের প্রায় শেষে এসে শতভাগ সাফল্য পেয়েছে ব্রাজিল। দেশটির চার ক্লাবই জায়গা করে নিয়েছে নকআউট পর্বে।

ব্রাজিলের ক্লাবগুলোর মধ্যে ফ্লামেঙ্গো, পালমেইরাস ও বোতাফাগো আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছিল। বাকি থাকা ফ্লুমিনেন্স গতকাল (বুধবার) রাতে আফ্রিকার দল মামেলদি সানডাউন্সের বিপক্ষে গোলশূন্য ড্র করে শেষ ষোলো নিশ্চিত করেছে।

এফ গ্রুপে থাকা ফ্লুমিনেন্স ৩ ম্যাচে ২ ড্র ও ১ জয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়েছে। শেষ ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড উলসানকে ১-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।

ব্রাজিলের শতভাগ সফলতার বিপরীতে আর্জেন্টিনার দুই ক্লাব বোকা জুনিয়র্স ও রিভারপ্লেট উপহার দিয়েছে একরাশ হতাশা। দুই ক্লাবই যে বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে।

গতকাল অকল্যান্ড সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করায় বিদায় নিশ্চিত হয়েছিল বোকার। আর আজ (বৃহস্পতিবার) সকালে ইন্টার মিলানের বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে রিভারপ্লেট। এই গ্রুপের আরেক ম্যাচে মেক্সিকোর ক্লাব মন্তেরি ৪-০ গোলে হারিয়েছে উরাওয়া রেডসকে। তার তাতেই বিদায়ঘণ্টা বেজে গেছে রিভারপ্লেটের। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে আর্জেন্টিনার সেরা ক্লাবটি। ৭ পয়েন্ট নিয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মিলান। ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে মন্তেরি।

আরও পড়ুন: আর্জেন্টিনার ক্লাবকে বিদায় করে শেষ ষোলোতে ইন্টার মিলান

দুই গ্রুপের শেষ রাউন্ডের খেলা বাকি থাকলেও ব্রাজিল ও আর্জেন্টিনার দলগুলো যেসব গ্রুপে আছে তাদের সবগুলো ম্যাচ হয়ে গেছে। ব্রাজিলের দুই ক্লাব ফ্লামেঙ্গো ও পালমেইরাস গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে। বাকি দুই ক্লাব বোতাফাগো ও ফ্লুমিনেন্স হয়েছে রানার্সআপ। আর তাতেই কোয়ার্টার ফাইনালেও অন্তত একটি ব্রাজিলিয়ান ক্লাবের জায়গা নিশ্চিত হয়ে গেছে।

গ্রুপ এ’র শীর্ষ দল পালমেইরাস শেষ ষোলোয় খেলবে বোতাফাগোর বিপক্ষে। সেক্ষেত্রে এই দুই দলের একদলকে নিশ্চিতভাবে কোয়ার্টার ফাইনালে দেখা যাবে।

আগামীকালই গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে যাবে। এরপর ২৮ জুন গড়াবে শেষ ষোলোর খেলা। পালমেইরাস-বোতাফাগো ম্যাচ দিয়ে এই রাউন্ডের খেলা মাঠে গড়াবে। পরদিন বায়ার্নের মুখোমুখি হবে ফ্লামেঙ্গো। ৩০ জুন ইন্টার মিলানের বিপক্ষে খেলবে ফ্লুমিনেন্স।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...