দুমকীতে মুক্তিযোদ্ধার বাসায় দুর্ধর্ষ ডাকাতি
“”স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান কাগজপত্র লুট। পরিবারের সদস্যদের মারধর করে হাত-মুখ বেঁধে ফেলে ডাকাতরা””
পটুয়াখালীর দুমকি উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মজিদ খানের বাসায় এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে লুথ্যারান হেলথ কেয়ার হাসপাতাল সংলগ্ন তার পাকা বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাত আনুমানিক আড়াইটার দিকে একটি সংঘবদ্ধ ডাকাত দল ধারালো অস্ত্রসহ ঘরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে, এরপর তাদের হাত-মুখ ও চোখ বেঁধে ফেলে। পরে তারা বাসায় রক্ষিত স্বর্ণালঙ্কার, নগদ টাকা, জমির দলিল, ব্যাংকের চেক ও মূল্যবান কাগজপত্র লুট করে দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ খান জানান, “বাসায় আমার স্ত্রীর কাছে পরিবারের অন্য সদস্যদের (ভাই, বোন, মেয়েসহ) সাড়ে ২৭ ভরি স্বর্ণালঙ্কার গচ্ছিত ছিল। এছাড়া ছিল নগদ প্রায় পাঁচ লক্ষাধিক টাকা, দলিলপত্র, বিভিন্ন ব্যাংকের চেক, চারটি মোবাইল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। ডাকাতরা সব কিছু নিয়ে গেছে।”
তার বড় ছেলে শাওন ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দিলে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ আসার আগেই ডাকাত দল সরে পড়ে।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত ডাকাতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।




আপনার মতামত লিখুন