খুঁজুন

৫ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ, যুবদল নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৯:২৬ পূর্বাহ্ণ
৫ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ, যুবদল নেতা বহিষ্কার

ঢাকার যাত্রাবাড়ী এলাকার এক যুবদল নেতার বিরুদ্ধে শরীয়তপুরের বাস ঢাকায় ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরেই অভিযুক্ত মুশফিকুর রহমান ফাহিম এই রুটের বাস মালিকদের কাছ থেকে চাঁদা আদায় করছেন। এখন এককালীন বিপুল অঙ্কের চাঁদা ও মাসিক ভিত্তিতে চাঁদা চাইছেন বলে জানিয়েছেন পরিবহন নেতারা।

শনিবার (১২ জুলাই) সকালে শরীয়তপুর বাস মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন তারা। বিষয়টি জানতে পেরে মুশফিকুর রহমান ফাহিমকে বহিষ্কার করে প্রাথমিক সদস্য পদ স্থগিত করেছে কেন্দ্রীয় যুবদল।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন যাত্রাবাড়ী থানা কমিটির সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিম। তিনি ২০২২ সালের ১৬ আগস্ট একই এলাকার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক হত্যা মামলার প্রধান আসামি। এ মামলায় কারাগারেও গেছেন। সম্প্রতি তাঁর বিরুদ্ধে যাত্রাবাড়ী এলাকায় চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ পাওয়া যায়।

শরীয়তপুর বাস মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা সংবাদ সম্মেলনে জানান, ফাহিম দীর্ঘদিন ধরে শরীয়তপুর থেকে ঢাকামুখী বাস মালিকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছেন। তিনি কিছুদিন আগে ‘শরীয়তপুর সুপার সার্ভিসের’ মালিকদের কাছে এককালীন ৫ কোটি টাকা ও মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে নিজ মালিকানাধীন দুটি বাস শরীয়তপুর সুপার সার্ভিসে যুক্ত করার শর্ত দেন।

পরিবহন মালিকরা চাঁদা দিতে রাজি না হওয়ায় প্রতিশোধ হিসেবে ফাহিমের লোকজন যাত্রাবাড়ী এলাকায় শরীয়তপুর থেকে আসা বাসে একের পর এক হামলা করে ভাঙচুর করছে। তিন দিনে এই রুটের ২৫টি বাসে ভাঙচুর চালানো হয়। হামলায় অন্তত ১০ জন পরিবহন শ্রমিক আহত হয়েছেন বলেও জানিয়েছেন নেতারা। শনিবার সকালেও যাত্রাবাড়ী এলাকায় আরও দুটি বাসে হামলা হয়েছে। এতে জেলার পরিবহন খাতে জড়িত ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

জানা গেছে, জেলার কোনো কোনো বাস বিকল্প পথে পোস্তগোলা সেতু, জুরাইন ও ধোলাইপাড় হয়ে ঢাকায় আসা চেষ্টা করলেও হামলা হচ্ছে। ফাহিমের লোকজন পোস্তগোলা পার হলেই এসব বাসে হামলা করছে। ফলে শরীয়তপুরের বাস ঢাকায় আসা অসম্ভব হয়ে গেছে। হামলার শিকার একটি বাসের চালক বলেন, গত বৃহস্পতিবার সকালে শরীয়তপুর থেকে যাত্রী নিয়ে যাত্রাবাড়ী আসেন তিনি। যাত্রী নামিয়ে চৌরাস্তা মোড়ে পৌঁছালে হঠাৎ ১০-১২ জন মুখোশধারী হামলা চালায়। তারা বাসটি ভাঙচুর করে ও তাঁকে মারধর করে। এই সমস্যা থেকে মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমরা নিরাপদে গাড়ি চালাইতে চাই।’

শরীয়তপুর বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার বলেন, যাত্রাবাড়ী টার্মিনাল থেকে তাদের বাসগুলো চলাচল করার কথা। কিন্তু জায়গা না পাওয়ায় চৌরাস্তা মোড় থেকে বাস ছাড়তে হয়। বেশ কিছুদিন ধরে ওই এলাকার যুবদল নেতা ফাহিম মালিক সমিতির কাছে ৫ কোটি টাকা বা মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন।

তিনি বলেন, ‘দাবি না মানায় আমাদের ওপর হামলা হচ্ছে, শ্রমিকরা মার খাচ্ছেন, বাস ভাঙচুর হচ্ছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি– আমরা কোনো চাঁদা দিতে রাজি নই। আমরা চাই নিরাপদ পরিবহন ব্যবস্থা ও আইনের শাসন। এ বিষয়ে প্রশাসন ও তাঁর দলীয় নেতারা ব্যবস্থা না নিলে শরীয়তপুরের জনগণকে নিয়ে পদ্মা সেতুতে ব্যারিকেড বসিয়ে যোগাযোগ বন্ধ করে দেব।’

তবে যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিম এসব অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, ‘আমাদের কিছু বাস ওরা শরীয়তপুরে ঢুকতে দেন না। তাদের সেই অপরাধ ঢাকতে আমাকে চাঁদাবাজ বানানো হয়েছে। আমি যদি চাঁদা দাবি ও গাড়ি ভাঙচুর করে থাকি, তাহলে প্রশাসন আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

শরীয়তপুর সড়ক পরিবহন বাস মালিক সমিতির সভাপতি ফারুক তালুকদার জানান, দীর্ঘদিন ধরে শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহন সুনামের সঙ্গে যাত্রীসেবা দিয়ে আসছে। ৫ আগস্টের পর থেকেই ফাহিম যাত্রাবাড়ী এলাকায় নানা পরিবহন মালিকদের কাছ থেকে চাঁদা আদায় করছেন। শুরুতে তিনি প্রতি বাস থেকে ১০০-২০০ টাকা করে চাঁদা নিতেন। এখন এককালীন ৫ কোটি টাকা বা মাসে ১০ লাখ টাকা দাবি করছেন। অনেক পরিবহন প্রতিষ্ঠানের কাছ থেকেও একইভাবে চাঁদা আদায় করছেন। ফাহিমের বিরুদ্ধে ইতোমধ্যে র‍্যাব-পুলিশের কাছে ১৫-২০টি অভিযোগ জমা হয়েছে বলেও শুনেছেন।

যুবদল থেকে বহিষ্কার:

এদিকে দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগ ওঠার পর মুশফিকুর রহমান ফাহিমকে সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় যুবদল।

শনিবার সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিমকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।’ একই সঙ্গে ফাহিমের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতেও তারা আহ্বান জানিয়েছেন বিজ্ঞপ্তিতে।

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু