খুঁজুন

পুতিনের বিষয়ে আমি হতাশ হলেও হাল ছাড়িনি: বিবিসিকে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৪:০১ অপরাহ্ণ
পুতিনের বিষয়ে আমি হতাশ হলেও হাল ছাড়িনি: বিবিসিকে ট্রাম্প

বিবিসির সাথে একান্ত ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যাপারে হতাশ, তবে তার সঙ্গে সম্পর্ক শেষ করেননি।

মার্কিন প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি রাশিয়ান নেতাকে বিশ্বাস করেন কিনা এবং তিনি উত্তর দিয়েছেন, “আমি প্রায় কাউকেই বিশ্বাস করি না।”

এই মন্তব্য করার ঠিক কয়েক ঘণ্টা আগে তিনি ইউক্রেনে অস্ত্র পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেন এবং আগামী ৫০ দিনের মাঝে যুদ্ধবিরতির চুক্তি না হলে তিনি রাশিয়ার বিরুদ্ধে কড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন।

হোয়াইট হাউজের ওভাল অফিস থেকে বিবিসিকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি নেটোর প্রতি সমর্থন প্রকাশ করেন।

যদিও একসময় তিনি নেটোকে “অচল” বলে মন্তব্য করেছিলেন।

কিন্তু এখন তিনি নেটোর যৌথ প্রতিরক্ষা নীতিকে সমর্থন করেন বলে জানিয়েছেন।

পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনি প্রচারণা চলাকালে ডোনাল্ড ট্রাম্পকে যে হত্যাচেষ্টা করা হয়েছিলো, সেই ঘটনার এক বছর পূর্তি বিষয়ক একটি সম্ভাব্য সাক্ষাৎকার নিয়ে আলোচনার পর তিনি বিবিসিকে ফোনকল করেন।

মি. ট্রাম্পের সাথে বিবিসি’র কথোপকথন টানা ২০ মিনিট ধরে চলে।

হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর তার মাঝে কোনো পরিবর্তন এসেছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি বিষয়টি নিয়ে যতটা সম্ভব কম ভাবতে চান।

তার ভাষ্যে, “এটা (হত্যাচেষ্টা) আমাকে বদলে দিয়েছে কি না, এ নিয়ে আমি ভাবতে পছন্দ করি না।”

কারণ, এটি নিয়ে বেশি ভাবলে “জীবনই বদলে যেতে পারে” বলে মনে করছেন তিনি।

এদিকে, নেটো মহাসচিব মার্ক রুটে-এর সাথে হোয়াইট হাউজে সাক্ষাৎ শেষে তিনি বিবিসিকে সাক্ষাৎকারটি দেন এবং এই সাক্ষাৎকারের একটা লম্বা সময় ধরেই তিনি রাশিয়ার প্রেসিডেন্টের প্রতি তার হতাশার কথা বলেন।

মি. ট্রাম্প বলেন, ইউক্রেন যুদ্ধের ইতি টানার বিষয়ে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি হতে যাচ্ছে–– অতীতে চার বার এরকমটা ভেবেছেন তিনি।

এসময় বিবিসি জানতে চায়, তাহলে কি তিনি মি. পুতিনের বিষয়ে হাল ছেড়ে দিয়েছেন?

উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি তার ওপর হতাশ, কিন্তু আমি হাল ছাড়িনি।”

ডোনাল্ড ট্রাম্পকে জোর দিয়ে জিজ্ঞেস করা হয়, তিনি কীভাবে পুতিনকে ‘রক্তপাত বন্ধ’ করতে বলবেন? তখন তিনি বিবিসি সংবাদদাতাকে বলেন, “আমরা এটি নিয়ে কাজ করছি, গ্যারি।”

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “তার সাথে আমার বেশ ফলপ্রসূ একটি আলোচনা হবে। আমি বলবো- ‘ভালো, আমরা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি বলে মনে হচ্ছে’ এবং এর ঠিক পরপরই তিনি কিয়েভে একটি বিল্ডিং ধ্বংস করে দেবেন।”

রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তীব্র করেছে, যার ফলে রেকর্ড সংখ্যক বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। ২০২২ সালে তারা প্রতিবেশী এই দেশটিতে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করেছিল।

পুতিন জোর দিয়ে বলেছেন যে তিনিও শান্তি চান। কিন্তু তিনি এটাও বলেছেন যে যুদ্ধের ‘মূল কারণগুলো’ প্রথমে সমাধান করা উচিত বলে তিনি মনে করেন। পুতিন যুক্তি দেন যে এই যুদ্ধ কিয়েভ, নেটো এবং ‘সম্মিলিত পশ্চিমা’ শক্তির তরফ থেকে রাশিয়ার নিরাপত্তার জন্য বাহ্যিক হুমকির ফলাফল।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা পরে নেটোর দিকে এগিয়ে যায়, যেটিকে তিনি এর আগে “অচল” বলে সমালোচনা করেছেন।

তিনি কি এখনো মনে করেন তার ওই মতামত সত্য কি না–– জানতে চাইলে তিনি বলেন, “না। আমার মনে হয় নেটো এখন এর বিপরীত হয়ে উঠছে”, কারণ এই জোট “তাদের নিজস্ব বিল পরিশোধ করছে”।

তিনি বলেন যে তিনি এখনো সম্মিলিত প্রতিরক্ষায় বিশ্বাস করেন, যার ফলে ছোট দেশগুলো বৃহত্তর দেশগুলোর বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে পারে।

ট্রাম্প বলেন, জার্মানি, ফ্রান্স ও স্পেনসহ বিভিন্ন দেশের নেতারা তাকে এবং তার নেওয়া সিদ্ধান্তকে সম্মান করতে শুরু করেছেন। কারণ বিশ্ব নেতারা বিশ্বাস করেন যে দুইবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মধ্যে “বিশেষ দক্ষতা” রয়েছে।

বিশ্ব নেতারা মাঝে মাঝে “তাদের তোষামোদে স্পষ্ট” ছিলেন কিনা জানতে চাইলে ট্রাম্প উত্তর দেন যে তিনি মনে করেন তারা “শুধু ভালো ব্যবহার করার চেষ্টা করছেন”।

প্রেসিডেন্ট ট্রাম্পকে বিশ্বে যুক্তরাজ্যের ভবিষ্যৎ সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়েছিল এবং তিনি উত্তরে বলেন যে তিনি মনে করেন এটি একটি “মহান জায়গা, আপনি জানেন যে আমার সেখানে সম্পত্তি আছে”।

ব্রেক্সিটের বিষয়ে, তিনি বলেছেন, এটি “ঢালু অবস্থানে ছিল, কিন্তু আমি মনে করি এটি সোজা হয়ে যাচ্ছে”।

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার সম্পর্কে ট্রাম্প বলেন, “আমি প্রধানমন্ত্রীকে সত্যিই অনেক পছন্দ করি, যদিও তিনি একজন উদারপন্থি”, এবং যুক্তরাজ্য-মার্কিন বাণিজ্য চুক্তির প্রশংসা করেন।

তিনি বলেন যে যুক্তরাজ্যের সাথে তার “বিশেষ বন্ধন” রয়েছে এবং সেই কারণেই তিনি দেশটির সাথে একটি চুক্তি করেছেন – “বেশিরভাগ ক্ষেত্রে, আপনার প্রতিযোগীদের ক্ষেত্রে এবং ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে আমি কোনো চুক্তি করিনি”।

তিনি এই বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্যে দ্বিতীয় রাষ্ট্রীয় সফরের জন্য কীভাবে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সে সম্পর্কে তিনি কথা বলেছেন।

সফরকালে তিনি কী অর্জন করতে চান সে সম্পর্কে ট্রাম্প বলেন, “ভালো সময় কাটাতে” চান এবং রাজা চার্লসকে সম্মান দেখাতে চান, কারণ “তিনি দারুণ একজন ভদ্রলোক”।

তিনি বলেন, তিনি চান না যে আগামী সেপ্টেম্বরে যুক্তরাজ্যের পার্লামেন্টে অনির্ধারিত কোনো অধিবেশন ডাকা হোক যেখানে তিনি বক্তৃতা দিতে পারেন, বরং তিনি চান পার্লামেন্ট সদস্যদের সময় উপভোগ করা উচিত- “আমি মনে করি তাদের যেতে দিন এবং ভালো সময় কাটান”।

ট্রাম্প আরও বলেন যে কানাডার পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে রাজা চার্লসের (যেখানে রাজা এবং কানাডার রাষ্ট্রপ্রধান) বক্তৃতায় তিনি উদ্বিগ্ন নন। যুক্তরাষ্ট্র কানাডাকে তার সঙ্গে যুক্ত করতে পারে– ট্রাম্পের এমন মন্তেব্যর পর রাজহা চার্লস দেশটির সার্বভৌমত্বের ওপর জোর দিয়েছিলেন।

“তারা কানাডার সাথে জড়িত, তাই তিনি (চার্লস) কী করবেন আপনি জানেন। তার আর কোনো বিকল্প নেই,” বলেন ট্রাম্প। “আমি ভেবেছিলাম তিনি খুব ভালো, খুব শ্রদ্ধাশীল।”

তিনি বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র “এখন কানাডার সাথে আলোচনা করছে” এবং এটি “খুব ভালোভাবে কাজ করবে”।

প্রেসিডেন্ট হিসেবে তার উত্তরাধিকারকে কীভাবে সংজ্ঞায়িত করবেন বলে মনে করেন, জানতে চাইলে তিনি বলেন, “আমেরিকাকে বাঁচানো”।

“আমি মনে করি আমেরিকা এখন একটি মহান দেশ এবং এক বছর আগে এটি একটি মৃত দেশ ছিল।”

তথ্য সূত্র: বিবিসি

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু