দুমকিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নতুন নেতৃত্ব, তরুণদের অগ্রাধিকার দিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, পটুয়াখালী জেলা শাখার অধীনস্থ দুমকি উপজেলা কমিটির নতুন কমিটি আগামী ৬ (ছয়) মাসের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। জেলা সভাপতি মোহসিন ইসলাম ও সাধারণ সম্পাদক রুবেল মাহমুদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন একরামুজ্জামান মিশু, সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ রাসেল ইসলাম তানভীর এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন এস এম মমিন মাহমুদ। কমিটিতে মোট ৫২ জন সদস্য রয়েছেন, যারা সবাই শিক্ষার্থী এবং তরুণ নেতৃত্বের প্রতিনিধিত্ব করেন।
কমিটির নেতারা জানিয়েছেন, তারা ছাত্র সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া সংগঠনের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করা হবে বলে জানান তারা।
জেলা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ বলেন, “নতুন নেতৃত্ব তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করে গণতান্ত্রিক আন্দোলন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে কার্যকর ভূমিকা পালন করবে।”
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অধিকার, সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংগঠনটি শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর, ভর্তি ও টিউশন ফি সহনীয়করণ, নিরাপদ ক্যাম্পাস এবং শিক্ষার্থীবান্ধব নীতির পক্ষে নিয়মিত সোচ্চার থেকেছে।
কমিটির নবনির্বাচিত সদস্যরা শিগগিরই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাভিত্তিক কার্যক্রম চালু করার ঘোষণা দিয়েছেন, যার মধ্যে রয়েছে ক্যাম্পাসভিত্তিক সচেতনতা সভা, শিক্ষাবিষয়ক সেমিনার, এবং শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণের জন্য হেল্প ডেস্ক স্থাপন।




আপনার মতামত লিখুন