জন্ম-মৃত্যু নিবন্ধনে সাফল্যের শীর্ষে টানা দ্বিতীয়বার: দৃষ্টান্ত স্থাপন করলো দুমকী
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে টানা দ্বিতীয়বার দেশের শীর্ষস্থান ধরে রেখে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে পটুয়াখালীর দুমকী উপজেলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে জুন মাসেও দেশের প্রথম স্থান অর্জন করে এই উপজেলা।
রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ নিশ্চিত করেছে এ তথ্য। মে মাসে বরিশাল বিভাগ প্রথম হলেও জুন মাসে দ্বিতীয় অবস্থানে নেমে যায়। তবে দুমকী উপজেলা টানা দ্বিতীয়বার প্রথম স্থান অর্জন করে নজির গড়েছে।
দুমকী উপজেলার জন্ম নিবন্ধনের মে মাসের লক্ষ্যমাত্রা ছিল ১২৮টি, অর্জিত হয়েছে ৩৮৩টি—অর্জন শতকরা ২৯৯ ভাগ। একইভাবে, মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৩৫টি, অর্জন ১০৪টি, অর্জন ২৯৭ ভাগ। মোট গড় হিসেবে এই উপজেলার নিবন্ধন হার দাঁড়ায় ২৯৮ শতাংশ, যা জাতীয় পর্যায়ে সর্বোচ্চ।
ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, “টানা দুইবার দেশসেরা হতে পেরে অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এটি কেবল আমার একার নয়, পুরো দুমকীবাসীর সম্মিলিত সাফল্য।” তিনি জানান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা নিরলস পরিশ্রম করেছেন। “আমি একজন টিম লিডার হিসেবে শুধু তদারকি করেছি,”—যোগ করেন তিনি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ইউএনও।
পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, “দুমকী উপজেলার এই অনন্য অর্জনের জন্য ইউএনওসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন। তবে এ কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।” তিনি ইউপি চেয়ারম্যান, সচিব, সদস্য এবং গ্রাম পুলিশদের আন্তরিক ধন্যবাদ জানান।
এই অভাবনীয় সাফল্য শুধু দুমকী উপজেলার জন্যই নয়, বরং পুরো পটুয়াখালী জেলার জন্য গর্বের বিষয়।




আপনার মতামত লিখুন