খুঁজুন

সাবেক মার্কিন সেনা কর্মকর্তা

গাজায় ত্রাণ নেওয়ার কয়েক মিনিট পর হত্যা করা হয় ক্ষুধার্ত ফিলিস্তিনি শিশুটিকে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ১২:৫২ অপরাহ্ণ
গাজায় ত্রাণ নেওয়ার কয়েক মিনিট পর হত্যা করা হয় ক্ষুধার্ত ফিলিস্তিনি শিশুটিকে

গাজার দক্ষিণাঞ্চলে এক ত্রাণ বিতরণকেন্দ্রে কিছু খাবার পেয়ে সাবেক মার্কিন সেনা কর্মকর্তা অ্যান্থনি আগুইলারকে ধন্যবাদ জানিয়েছিল শিশু আমির। চোখে মুখে কৃতজ্ঞতার হাসি। কিন্তু কয়েক মিনিট পরই ইসরায়েলি বাহিনীর গুলিতে তার প্রাণ চলে যায়। এই মর্মস্পর্শী ঘটনাটি বর্ণনা করেছেন আগুইলার নিজেই, যিনি যুক্তরাষ্ট্রের বিশেষ সামরিক শাখার সাবেক সদস্য। তিনি সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত ত্রাণ সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) থেকে পদত্যাগ করেছেন।

সোমবার (২৮ জুলাই) আনএক্সেপ্টেবল নামের একটি পডকাস্টে আগুইলার জানান, ২৮ মে তিনি দক্ষিণ গাজার জিএইচএফ পরিচালিত এক ত্রাণ বিতরণকেন্দ্রে কর্মরত ছিলেন। সেখানে তিনি নিজ চোখে দেখেছেন কীভাবে শিশু আমিরসহ অসংখ্য নিরস্ত্র ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হয়েছেন।

আগুইলার বলেন, ‘আমির ছেঁড়া জামা পরে, খালি পায়ে আমার সামনে এসে দাঁড়িয়েছিল। ক্ষুধায় কঙ্কালসার দেহে তার কাপড় ঝুলে পড়ছিল। সে ১২ কিলোমিটার হেঁটে এসেছিল শুধু সামান্য খাবারের আশায়।’ তিনি জানান, শিশুটি খাবার পেয়ে তাকে জড়িয়ে ধরে গালে হাত বুলিয়ে চুমু দেয় এবং ইংরেজিতে বলে, ‘থ্যাংক ইউ।’

তবে সেই মানবিক দৃশ্যের অবসান ঘটে মুহূর্তেই। কিছু সময় পরেই ইসরায়েলি বাহিনী ত্রাণ নেওয়া মানুষদের লক্ষ্য করে মরিচের গুঁড়ার স্প্রে, কাঁদানে গ্যাস এবং স্টান গ্রেনেড ছোড়ে। শুরু হয় নির্বিচার গুলিবর্ষণ। আগুইলারের বর্ণনায়, আমির তখন ভয় পেয়ে দৌড় দেয়, এবং সেখানেই ইসরায়েলি গুলিতে প্রাণ হারায় শিশুটি।

জাতিসংঘের তথ্যমতে, মে মাসের শেষ দিকে কার্যক্রম শুরু করার পর থেকে জিএইচএফ পরিচালিত বিতরণকেন্দ্র থেকে খাবার নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন এক হাজারের বেশি ফিলিস্তিনি।

গাজার বাসিন্দা বাস্তুচ্যুত যুবক ইউসুফ আল-আজউরি মিডল ইস্ট আই কে বলেন, খাবারের জন্য জীবন বাজি রেখে ছুটে যাওয়ার অভিজ্ঞতা যেন ‘স্কুইড গেম’ সিরিজের মতো, যেখানে বেঁচে থাকার লড়াই হয়ে ওঠে রক্তাক্ত খেলা।

ইসরায়েলি বাহিনীর সদস্যরাও স্বীকার করেছেন, তাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা নিরস্ত্র মানুষদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনি এই অবরোধ ও মানবিক বিপর্যয়কে ‘মানবসৃষ্ট এবং পরিকল্পিত দুর্ভিক্ষ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘জিএইচএফের ত্রাণ বিতরণব্যবস্থা ত্রুটিপূর্ণ। এটি মানবিক সংকট মোকাবেলার জন্য তৈরি হয়নি। বরং এটি রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ার হয়ে উঠেছে।’

ইসরায়েল ২০২৫ সালের ২ মার্চ থেকে গাজা উপত্যকায় সম্পূর্ণভাবে খাদ্য ও মানবিক সহায়তা প্রবেশের পথ বন্ধ করে দেয়। ফলস্বরূপ, লাখো মানুষ চরম খাদ্যসংকটে পড়ে। জাতিসংঘ-সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি)-এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গাজার প্রায় সব এলাকাতেই পরিস্থিতি এখন ‘দুর্ভিক্ষের মাত্রা’ ছুঁয়েছে। গড়ে প্রতি তিন শিশুর মধ্যে একজন মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

অ্যান্থনি আগুইলার বলেন, ‘আমি মার্কিন জনগণ ও ইসরায়েলিদের বলছি—আমি গাজায় ছিলাম, ওদের ছুঁয়ে দেখেছি, কথা বলেছি। ওরা পশু নয়, মানুষ। অথচ তাদের সঙ্গে পশুর মতো আচরণ করা হচ্ছে। এমনকি আমরা আত্মসমর্পণ করা আইএস যোদ্ধাদের চেয়েও গাজার সাধারণ মানুষদের কম সম্মান দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এই মানবিক বিপর্যয় কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে। মানুষকে পরিকল্পিতভাবে অনাহারে রাখা হচ্ছে।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা নিয়েও ক্ষোভ বাড়ছে। গত সপ্তাহেই বিশ্বের ১০০টির বেশি মানবাধিকার ও ত্রাণ সংস্থা ইসরায়েলের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে।

ইউএনআরডব্লিউএর তথ্য অনুযায়ী, দুর্ভিক্ষ ও অপুষ্টিতে তাদের অনেক কর্মীও সংজ্ঞাহীন হয়ে পড়ছেন। ইতিমধ্যেই গাজায় অনাহারে প্রাণ হারিয়েছেন প্রায় ১৫০ শিশু ও প্রাপ্তবয়স্ক।

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু