ইসরাইলের সঙ্গে মিশরের বৃহৎ গ্যাস চুক্তি স্বাক্ষর
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় চলমান বর্বরতা ও গণহত্যার মধ্যেই ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাথে ৩৫ বিলিয়ন ডলারের গ্যাস আমদানি চুক্তি করেছে মিশর।
শুক্রবার (৮ আগস্ট) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মিশরের সাথে ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের গ্যাস রপ্তানি চুক্তি সাক্ষর করেছে ইসরাইল। অবৈধ রাষ্ট্রটির জ্বালানিমন্ত্রী এলি কোহেন একে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় গ্যাস রপ্তানি চুক্তি বলে আখ্যা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইতিহাসের সবচেয়ে বড় গ্যাস চুক্তি স্বাক্ষর করা নিরাপত্তা, রাজনীতি ও অর্থনীতির দিক থেকে ইসরাইলের জন্য একটি দারুণ অগ্রগতি।

তিনি আরো বলেন, এটি ইসরাইলকে একটি নেতৃস্থানীয় আঞ্চলিক জ্বালানি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে, যার উপর প্রতিবেশী দেশগুলো নির্ভর করবে এবং যার প্রয়োজন তারা অনুভব করবে। এটি ইসরাইলেত অর্থনীতির জন্যও বড় সুখবর। কারণ, এর মাধ্যমে আমাদের রাজস্ব কোষাগারে বিলিয়ন ডলার আসবে। নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। অর্থনীতিও শক্তিশালী হবে।
ইসরায়েলের সরকারি সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে, এই চুক্তি ২০১৯ সালে স্বাক্ষরিত আগের রপ্তানি চুক্তির পরিপূরক, যার আওতায় ৬০ বিলিয়ন ঘন মিটার গ্যাস রপ্তানি করা হয়েছিলো। এই নতুন চুক্তির মাধ্যমে মিশরে ইসরাইলের গ্যাস রপ্তানির পরিমাণ তিনগুণ হয়ে যাবে।
এছাড়া গ্যাস রপ্তানি প্রসঙ্গে ইসরাইল দখলকৃত ফিলিস্তিনের লেভিয়াথান গ্যাস ক্ষেত্রের অংশীদার প্রতিষ্ঠান নিউমেড এনার্জি সংবাদমাধ্যমকে জানায়, এই চুক্তির আওতায় তারা ২০৪০ সাল পর্যন্ত বা নির্ধারিত পরিমাণ গ্যাস সরবরাহ না হওয়া পর্যন্ত প্রায় ১৩০ বিলিয়ন ঘন মিটার প্রাকৃতিক গ্যাস মিশরে বিক্রি করবে।




আপনার মতামত লিখুন