দুমকীতে ধারের টাকা ফেরত না পাওয়ায় গৃহবধূর আত্মহত্যা
পটুয়াখালীর দুমকি উপজেলায় ধারের টাকা ফেরত আনতে না পারায় আফসানা ইসরাত বিথী (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বিথী ওই এলাকার মৃত মাস্টার আমির হাওলাদারের কন্যা এবং সৌদি প্রবাসী সৈয়দ নাজমুল জাকির নাহিদের স্ত্রী। তাদের আড়াই বছরের এক পুত্রসন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে পরিবারের সদস্যরা বিথীকে বাবার বাড়ির নিজ ঘরে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবাসী স্বামী নাহিদ স্ত্রীর মাধ্যমে কয়েকজন আত্মীয়কে টাকা ধার দিয়েছিলেন। এর মধ্যে চাচা নুরুল ইসলাম হাওলাদারকে তিন লাখ টাকা দেওয়া হয়েছিল, যার মধ্যে দুই লাখ টাকা ফেরত এলেও এক লাখ টাকা এখনও বাকি ছিল। এছাড়া ভায়রা মোহন আকন বিল্ডিংয়ের কাজে দেড় লাখ এবং শাশুড়ি ইয়াসমিন বেগম ২০ হাজার টাকা ধার নেন। সম্প্রতি ব্যবসার প্রয়োজনে নাহিদ স্ত্রীকে টাকাগুলো ফেরত আনার জন্য চাপ দেন। কিন্তু বিথী তা তুলতে না পারায় মানসিক চাপে পড়ে আত্মহত্যার পথ বেছে নেন বলে পরিবার দাবি করেছে।
এদিকে নিহতের মা ইয়াসমিন বেগম অভিযোগ করে বলেন, স্বামী মারা যাওয়ার পর তিনি চার লাখ টাকা পান, যা দেবরকে ব্যবসার জন্য দিয়েছিলেন। সম্প্রতি জামাই নাহিদ সেই টাকারও দাবি করলে পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। এ নিয়ে আগে দু’বার থানায় অভিযোগ করা হয়েছিল।
দুমকি থানার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




আপনার মতামত লিখুন