নওগাঁ সীমান্তে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ
নওগাঁর পত্নীতলা উপজেলার শীতল মাঠ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের থানায় হস্তান্তর করেছে বিজিবি। গতকাল শুক্রবার ভোরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করার পর বিজিবি তাদের আটক করে।
আটকৃতদের মধ্যে ১৫ জনই নাটোর জেলার লালপুর উপজেলার কলোনীপাড়া গ্রামের বাসিন্দা। তারা হলেন- মোতালেব শেখ, শফিকুল ইসলাম, মজনু বিশ্বাস, নয়ন খা, মুকুল শেখ , এলিনা খাতুন, মৃদুল শেখ, সমির, বিনা খাতুন, মিম, মরিয়ম খাতুন , রোজিনা খাতুন, মিরা খাতুন, জোসনা বেগম ও জান্নাতুল সরকার। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চরকুরুলিয়া গ্রামের বাসিন্দা মিরাজ শেখ। বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইকবাল হোসেন।
বিজিবি সূত্রে জানা যায়, পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) শীতল মাঠ বিওপির সদস্যরা সীমান্ত পিলার ২৫৪/১-এস এর কাছে ভারতীয় ২৯/সন্ধ্যা পুকুর ক্যাম্প থেকে পুশইন হওয়া এসব বাংলাদেশিকে আটক করে। আটকদের মধ্যে সাতজন পুরুষ, চারজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে। আটককৃত ব্যক্তিরা বাংলাদেশের রাজশাহী জেলার চারঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। গত ৯ সেপ্টেম্বর ভারতীয় পুলিশ রাজস্থান থেকে তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। এরপরই বিএসএফ তাদের বাংলাদেশের শীতল মাঠ সীমান্ত দিয়ে ফেরত পাঠায়।
পত্নীতলা থানার ওসি শেখ এনায়েতুর রহমান জানান, বিজিবি ১৬ জন নারী-পুরুষকে থানায় হস্তান্তর করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছেন। পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।




আপনার মতামত লিখুন