খুঁজুন

কনসার্টে আবেগঘন বিদায় ঘোষণা

এটাই আমার লাস্ট কনসার্ট: তাহসান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২২ অপরাহ্ণ
এটাই আমার লাস্ট কনসার্ট: তাহসান

সংগীতজীবনের ২৫ বছর হয়ে গেল তাহসানের। রজত জয়ন্তীতে বড় একটি সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। ঘোষণা দিলেন, মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন।

ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ায় সংগীতসফরে আছেন তাহসান। গত ৬ সেপ্টেম্বর অ্যাডিলেড থেকে শুরু হয়েছে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ডের অস্ট্রেলিয়া সফর। অ্যাডিলেডের পর ৭ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৩ সেপ্টেম্বর সিডনি এবং ২০ সেপ্টেম্বর মেলবোর্নে গান শোনান তাহসান। ২৭ সেপ্টেম্বর গাইবেন পার্থে।

মেলবোর্নের কনসার্টে গাইতে উঠেই মন খারাপের খবরটি দেন তাহসান। বলেন, ‘অনেক জায়গায় লেখালেখি হচ্ছে যে, এটা আমার লাস্ট কনসার্ট। আসলে লাস্ট কনসার্ট নয়, লাস্ট ট্যুর। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটা হয়তো ইতি টানব।’

তাহসানের মুখ থেকে এ কথা শুনে চিৎকার করে হতাশা প্রকাশ করেন কনসার্টে উপস্থিত ভক্তরা। তাঁদের সান্ত্বনা দিয়ে তাহসান বলেন, ‘ইটস ন্যাচারাল।’ মজা করেই বললেন, ‘সারাদিন কি স্টেজে লাফালাফি করা যায় এই দাড়ি নিয়ে? মেয়ে বড় হয়ে গেছে।’ এরপর বেশ সিরিয়াসলি বলেন, ‘অভিনয় থেকে বিরতি নেওয়া শুরু করেছি বেশ কয়েক বছর হয়ে গেল। গান থেকেও বিরতি নেওয়া শুরু করেছি। এই রাতটি হয়তো আপনাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আর হয়তো আসা হবে না মেলবোর্ন। বাট, আই উইল মিস ইউ।’

বন্ধুদের নিয়ে ১৯৯৮ সালে অলটারনেটিভ রক ব্যান্ড গড়েছিলেন তাহসান খান। তবে তাঁর পেশাদার সংগীত ক্যারিয়ার শুরু হয় এর দুই বছর পর ব্ল্যাক ব্যান্ড দিয়ে। সে হিসাবে এ বছর সংগীত ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করেছেন তাহসান।

ব্ল্যাক ব্যান্ড দিয়ে পরিচিতি পেলেও ব্যান্ডটির সঙ্গে বেশি দিন থাকেননি তাহসান। ২০০৪ সালে ব্ল্যাক ছেড়ে মনোযোগ দেন একক ক্যারিয়ারে। সেখানেও পান আকাশছোঁয়া সাফল্য। জনপ্রিয়তা পায় তাঁর ‘কথোপকথন’, ‘কৃতদাসের নির্বাণ’, ‘ইচ্ছে’ অ্যালবামের গানগুলো। মোট ৭টি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে তাহসানের। বিভিন্ন মিক্সড অ্যালবামেও গান করেছেন। তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে আছে ‘আমার পৃথিবী’, ‘এখনো’, ‘ঈর্ষা’, ‘আলো’, ‘প্রেম তুমি’, ‘প্রেমাতাল’, ‘হঠাৎ এসেছিলে’, ‘কে তুমি’ ইত্যাদি।

পরবর্তী সময়ে বেশ কয়েক বছর ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। বর্তমানে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর সঙ্গে পারফর্ম করছেন। সংগীতের পাশাপাশি অভিনেতা হিসেবেও জনপ্রিয়তা আছে তাঁর। অভিনয় করেছেন নাটক, ওয়েব কনটেন্ট ও সিনেমায়।

তবে কয়েক বছর ধরে অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন তাহসান। সবশেষ গত বছর ‘বাজি’ নামের ওয়েব সিরিজে দেখা গেছে তাঁকে। এ সিরিজ দিয়ে প্রায় দুই বছর পর অভিনয়ে ফিরেছিলেন। অভিনয়ে না দেখা গেলেও ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ অনুষ্ঠানের প্রথম সিজন উপস্থাপনা করেছেন তিনি। সম্প্রতি শেষ হয়েছে অনুষ্ঠানটির প্রচার।

গত বছর কণ্ঠনালির সমস্যার কথা জানিয়েছিলেন তাহসান। বলেছিলেন, ছয় বছর ধরে কণ্ঠনালির সমস্যায় ভুগছেন। ভোকাল কর্ডে বেশ কয়েক বছর আগে একটি রোগ ধরা পড়ে, যেটি মূলত ২০১৮ সাল থেকে শুরু হয়। এরপর থেকেই তিনি আর আগের মতো অনায়াসে গান গাইতে পারেন না। এমনকি, আদৌ তিনি আর গাইতে পারবেন কি না, তা নিয়েও শঙ্কিত ছিলেন।

তাহসান বলেছিলেন, ‘২০১৮ সালে কণ্ঠনালিতে সমস্যা ধরা পড়ার পর আগের মতো আর অনায়সে গাইতে পারি না। একসময় ভয় পেয়েছিলাম যে, আমি হয়তো আর গাইতে পারব না। গত ছয় বছরে বুঝে গেছি, কখন আমার গলা গাওয়ার অবস্থায় আছে, আর কখন নেই। এ কারণে গান অনেক কমে গেছে।’

বর্তমানে চিকিৎসা নিচ্ছেন তিনি। এই সমস্যার কারণে জীবনযাত্রায়ও পরিবর্তন এসেছে তাহসানের। বদল এনেছেন খাদ্যাভ্যাসেও। তাহসান বলেন, ‘এ কথাটা এ কারণে বললাম যে, যত দিন যাচ্ছে, আমার গান গাওয়ার অ্যাবিলিটি (কমে আসছে)। ভক্তদের এটা এজন্য জানিয়ে দিলাম যে, আস্তে আস্তে যদি কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়া কমে যায়, তাহলে বুঝে নেবেন আমার এই সমস্যা প্রকট হয়েছে। আর দোয়া করবেন যেন এই সমস্যা যতটুকু হয়েছে, এর বেশি যেন না হয়।’

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু