মার্কিন ৬ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল চীন
দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ছয়টি মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে চীন।
গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই পদক্ষেপ নেওয়া হয়, এমন এক সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলছে।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, চীনের বাণিজ্য মন্ত্রণালয় তিনটি মার্কিন কোম্পানিকে ‘অনির্ভরযোগ্য সত্তার তালিকায়’ যুক্ত করেছে। তালিকায় অন্তর্ভুক্ত হলে প্রতিষ্ঠানগুলো কার্যত চীনের সঙ্গে আর বাণিজ্য করতে পারে না।
মন্ত্রণালয়ের দাবি, সংশ্লিষ্ট কোম্পানিগুলো তাইওয়ানের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতায় জড়িত, যা চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থের জন্য ক্ষতিকর।
অনির্ভরযোগ্য সত্তার তালিকায় যুক্ত তিন প্রতিষ্ঠান হলো, ড্রোন নির্মাতা সারনিক টেকনোলজিস, স্যাটেলাইট প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যারকম ও সামুদ্রিক প্রকৌশল সংস্থা ওশানিয়ারিং ইন্টারন্যাশনাল।
এছাড়া পৃথকভাবে আরও তিনটি মার্কিন কোম্পানিকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে বেইজিং। ফলে তারা সামরিক ও বেসামরিক উভয় খাতে ব্যবহারযোগ্য ‘দ্বৈত ব্যবহারের’ কোনো পণ্য চীন থেকে আর আমদানি করতে পারবে না।
এই তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো যুদ্ধজাহাজ নির্মাতা হান্টিংটন ইঙ্গলস ইন্ডাস্ট্রিজ, ইঞ্জিনিয়ারিং ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠান প্লানেট ম্যানেজমেন্ট গ্রুপ ও গোয়েন্দা সংস্থা গ্লোবাল ডাইমেনশনস।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ প্রতিষ্ঠানগুলো দেশের জাতীয় নিরাপত্তা ও স্বার্থকে হুমকির মুখে ফেলছে।




আপনার মতামত লিখুন