খুঁজুন

নড়াইলের বন্ধ ‘আল্পনা’ সিনেমা হল এখন তাবলীগের ‘মার্কাজ মসজিদ’

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৭ অপরাহ্ণ
নড়াইলের বন্ধ ‘আল্পনা’ সিনেমা হল এখন তাবলীগের ‘মার্কাজ মসজিদ’

কয়েক দিন ধরেই একের পর এক সিনেমা হল বন্ধের খবর পাওয়া যাচ্ছে। সিনেমা ও দর্শকের অভাবে ইতিমধ্যে রাজধানী ও ঢাকার বাইরে বহু হলই বন্ধ হয়ে গেছে। এরমধ্যেই দেখা গেল, নড়াইলের কালিয়া উপজেলার ‘আল্পনা’ সিনেমা হল এখন ‘তাবলিগী মার্কাজ মসজিদ’ হয়ে গেছে।

এমন একদিন ছিল যখন জেলার সিনেমা হলগুলো দর্শকে ঠাসা থাকতো। প্রতিদিন চারটি করে শো চলত। তবুও দর্শকের কোনো কমতি ছিল না। কোনো কোনো ছবির ব্যাপক দর্শক চাহিদার কারণে এক মাস ধরেও চলেছে। কিন্তু সময়ের পরিবর্তনে তথ্যপ্রযুক্তির যুগে হলগুলোতে দর্শক আশঙ্কাজনক হারে কমতে কমতে নড়াইলের সব হল বন্ধ হয়ে গেছে।

গত কয়েক বছর আগেও প্রতি ঈদে এবং পূজাকে সামনে রেখে হল মালিকরা নতুন ছবি এনে চালাতেন। কিন্তু এখন জেলার ছয়টি সিনেমা হলই বন্ধ হয়ে গেছে দর্শক শূন্যতায়। এমনকি হলোগুলোর অবকাঠামোও ভেঙে ফেলা হয়েছে। সর্বশেষ নড়াইলের কালিয়াতে বন্ধ হয়ে যাওয়া ‘আল্পনা’ সিনেমা হলের জরাজীর্ণ ভবনের সামনে ‘কালিয়া উপজেলা তাবলীগী মার্কাজ মসজিদ’ নামের একটি ব্যানার টাঙানো হয়েছে।

গত বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ব্যানারটি টানিয়েছেন ‘আলমী শুরায়ী নেজাম’ নামের একটি সংগঠন। বর্তমানে ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্য বর্ধনের কাজ করছেন তারা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ‘আলমী শুরায়ী নেজাম’ সংগঠনের ‘সাথী’ এবং কালিয়া উপজেলা ওলামা ও ইমাম পরিষদের সভাপতি হাফিজুর রহমান বলেন, সংগঠনের পক্ষ থেকে এটি আমরা প্রশাসনের কাছ থেকে বাৎসরিক ৪ হাজার টাকা মূল্যে ইজারা নিয়েছি। ভবনটা জরাজীর্ণ হলেও যতটুকু সম্ভব আমরা ব্যবহারযোগ্য করব, সেই লক্ষ্যে কাজ চলছে।’

তিনি আরও বলেন, এখানে আমরা ‘তাবলীগী মার্কাজ মসজিদ’ চালু করেছি। বিভিন্ন দেশ ও ঢাকার কাকরাইল থেকে কালিয়াতে যে তাবলীগ জামাতগুলো আসবে, তারা প্রথমে এখানে আসবে। পরে স্থানীয় তাবলীগ জামায়াতের সাথীদের সঙ্গে পরামর্শ করে বিভিন্ন মসজিদে যাবেন।’

জানা যায়, ১৯৭০ সালে নড়াইল শহরে চিত্রাবাণী, ১৯৮২ সালের দিকে লোহাগড়া শহরে সেভেনস্টার ও সন্ধ্যা সিনেমা হল, ২০০১ সালের দিকে নড়াইল ফেরীঘাটের ওপার সীমাখালী এলাকায় গোলক সিনেমা হল এবং সদরের গোবরা বাজারে আশা সিনেমা হল গড়ে ওঠে। ২০২১ সালের মার্চ মাসে নড়াইল জেলার সবচেয়ে পুরোনো এবং জনপ্রিয় চিত্রাবাণী সিনেমা হলের অবকাঠামো ভেঙে ফেলা হয়।

এ ছাড়া ১৯৮৪ সালে কালিয়ার ‘আল্পনা’ সিনেমা হলটি প্রথমে ‘টাউন হল’ নামে ভবনটির উদ্বোধন করেছিলেন তৎকালীন জেলা প্রশাসক শাফায়াত আলী। এর কয়েক বছর পর সেটি ইজারা নিয়ে ‘আল্পনা’ নামে একটি সিনেমা হল চালু করেন এক ব্যক্তি। তবে প্রায় ২০ বছর আগে ওই সিনেমা হল বন্ধ হয়ে যায়। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

খালিদ হোসেন নামে কালিয়া বাজারের এক ব্যবসায়ী বলেন, দীর্ঘদিন ভবনটি জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। এখন একটি ভালো কাজের জন্য এটি ব্যবহৃত হচ্ছে। এতে আমরা আনন্দিত এবং সফলতা কামনা করছি।’

এ বিষয়ে জানতে চাইলে সিপিবি নড়াইল জেলার সভাপতি জি এম বরকত উল্লাহ বলেন, মসজিদ হওয়া প্রয়োজন। তবে যেহেতু কাছাকাছি তৈরি হচ্ছে সরকারের আধুনিক মডেল মসজিদ। সেহেতু ওই জায়গায় না হয়ে অন্য কোনো স্থানে হলে ভালো হতো। সিনেমা হলের এ জায়গাটি সংরক্ষণ করা যেত।

নড়াইলের জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুস সাত্তার বলেন, আমার জানা মতে, নড়াইলে আর কোনো সিনেমা হল আর অবশিষ্ট নেই। নড়াইল শহরে চিত্রাবাণী ও সীমাখালী এলাকায় গোলক সিনেমা হল, গোবরায় আশা সিনেমা হল, লোহাগড়াতে সেভেনস্টার ও সন্ধ্যা এবং কালিয়াতে আল্পনা। সবই এখন ইতিহাস।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুজ্জামান বলেন, এটি একটি অর্পিত সম্পত্তি। প্রতিবছরই ইজারা দেওয়া হয়। এক সময় এটি সিনেমা হল কর্তৃপক্ষ ইজারা নিয়েছিল। সিনেমা হল বন্ধ হয়ে গেলে গত ২০ বছর এটি আর ইজারা হয়নি। ফলে ওই জায়গাটা মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। এজন্য সরকারি সম্পত্তি দখলে রাখা ও রাজস্ব আদায়ের লক্ষ্যে আমরা এটিকে ইজারা দিয়েছি।

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু