দুমকীতে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
পটুয়াখালীর দুমকীতে চুরির অভিযোগে এক কিশোরকে হাত-পা বেঁধে উল্টো ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পঞ্চায়েত বাজার ব্রিজসংলগ্ন চরবয়েড়া গ্রামের একটি মুদি দোকানে এ ঘটনা ঘটে। নির্যাতনের ২ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিও সোমবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
নির্যাতনের শিকার কিশোর রমজান মল্লিক রাজাখালী গ্রামের বশির মল্লিকের ছেলে। স্থানীয়রা জানান, মুদি দোকানে চুরির অভিযোগে রমজানকে আটক করে দোকানের ভেতরে নির্যাতন চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জলিল সিকদার নামের দোকান মালিক, তাঁর দুই স্ত্রী ও স্বজনরা মিলে কিশোরকে হাত-পা বেঁধে উল্টো ঝুলিয়ে লাঠি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর নির্যাতন করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে দোকান মালিক জলিল সিকদার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, রমজান তাঁর দোকান থেকে নগদ টাকা চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে।
এদিকে ভুক্তভোগী কিশোরের ভাই সাকিব হোসেন জানান, তাঁর ভাই মানসিক ভারসাম্যহীন। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করেন।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, কিশোরের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তবে নির্যাতনের ঘটনাটি তাঁর জানা নেই বলে দাবি করেন তিনি।






আপনার মতামত লিখুন