প্রতীক ছাড়াই এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধন পেতে যাচ্ছে
নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগ। দল দুটির বিষয়ে শিগগির গণবিজ্ঞপ্তি জারি করা হবে। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
ইসির সিনিয়র সচিব জানান, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ১৪৩টি দল আবেদন করেছিল। এর মধ্যে মাঠপর্যায়ে যাচাই-বাছাই করা হয় ২২টি দলের তথ্য। প্রাথমিক যাচাই শেষে দুটি দলকে নিবন্ধনের জন্য যোগ্য মনে করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টিকে প্রতীক বরাদ্দের বিষয়ে একটি চিঠি দেওয়া হলেও চূড়ান্ত বিজ্ঞপ্তি পরে তা প্রকাশ করা হবে।
তিনি আরও জানান, তিনটি রাজনৈতিক দল কমিশনের পর্যবেক্ষণে রয়েছে। এগুলো হলো বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ শাহজাহান সিরাজ)। এ ছাড়া আদালতের রায় অনুযায়ী বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি নিবন্ধন পাবে।
অন্যদিকে, ৯টি দলের কার্যকারিতার বিষয়ে অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এগুলো হলো আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা ও জনতা পার্টি বাংলাদেশ।
এছাড়া মাঠপর্যায়ে তদন্ত করা ২২টি দলের মধ্যে সাতটি দলের আবেদন না-মঞ্জুর করা হয়েছে। দলগুলো হলো ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-সিপিবি এম), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি এবং নতুন বাংলাদেশ পার্টি।
“প্রতীক নিয়ে ইসি স্বৈরাচারী ও বৈষম্যমূলক আচরণ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী”
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘প্রতীক নিয়ে নির্বাচন কমিশন (ইসি) স্বৈরাচারী ও বৈষম্যমূলক আচরণ করছে।’ গতকাল রাতে বাংলা মোটরের এনসিপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শাপলা প্রতীক না পেলে ভোগান্তি হয়, এমন কর্মসূচি দেব না। আইনের মধ্যেই সংগ্রাম জারি রাখব।’ ‘প্রতীক প্রশ্নে কোনো ছাড় নয়’ এমনটা জানিয়ে তিনি বলেন, ‘মানুষ যখন শাপলায় ভোট দিতে উদগ্রীব হয়ে আছে, তখন এটি দেওয়া হচ্ছে না। শাপলা পেতে কোনো আইনি বাধা নেই।’
এনসিপির এ সমন্বয়ক বলেন, ‘আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ব্যাপারে যে তথ্য-প্রমাণ আছে, জাতিসংঘের যে রিপোর্ট তাতে সরকার এই দলগুলোকে এখনই নিষিদ্ধ করতে পারে।’
‘বেশ কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়েছে’ এমনটা দাবি করে তিনি বলেন, ‘অনেকের আত্মীয়স্বজনের খবর আমরা পাচ্ছি। উপদেষ্টাদের কে কে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন, তা জনগণের সামনে প্রকাশ করবে এনসিপি। দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের শ্বেতপত্র প্রকাশ করা হবে।’




আপনার মতামত লিখুন