প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ অস্বীকার, জুয়েলের সংবাদ সম্মেলন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান জুয়েল।
সোমবার (৬ অক্টোবর) রাত ৯টায়, দুমকি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানান।
লিখিত বক্তব্যে সাইদুর রহমান জুয়েল বলেন, ২০২৩ সালের ৮ ডিসেম্বর পবিপ্রবি কেন্দ্রে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তাঁর নাম জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, “আমি কখনো কোনো পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তুলি নাই, বাইরে পাঠাই নাই এবং কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। পরীক্ষার দিন আমি কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করেছি। কেন্দ্র পরিবর্তন একটি প্রশাসনিক সিদ্ধান্ত— সেখানে আমার কোনো ব্যক্তিগত ভূমিকা ছিল না।”
তিনি আরও বলেন, ওই পরীক্ষার সময় থেকে আজ পর্যন্ত প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ বা অভিযোগ কোথাও উপস্থাপিত হয়নি। এমনকি তাঁর কোনো আত্মীয়স্বজন বা ঘনিষ্ঠ কেউ উক্ত পরীক্ষায় অংশ নেয়নি বলেও জানান তিনি।
ডেপুটি রেজিস্ট্রার জুয়েল দাবি করেন, তাঁর বিরুদ্ধে প্রচারিত তথাকথিত স্ক্রিনশট বা ডিজিটাল তথ্যে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে এবং তা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
শেষে তিনি বলেন, “এই মিথ্যা সংবাদ প্রচারের পেছনে যারা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাই, তারা যেন বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্য উদঘাটন করেন।”




আপনার মতামত লিখুন