খুঁজুন

একটি বিশেষ দলের হয়ে কাজ করার অভিযোগ

ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে, সংশোধন না হলে নাম প্রকাশ করা হবে: আবু তাহের

মোঃ হাসানুজ্জামান, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৬:১৭ অপরাহ্ণ
ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে, সংশোধন না হলে নাম প্রকাশ করা হবে: আবু তাহের

অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে প্রশাসনকে ব্যবহার করে নীল নকশার নির্বাচন আয়োজনের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ষড়যন্ত্রকারী উপদেষ্টাদের নাম ও তাদের কথোপকথনের রেকর্ড তাদের কাছে রয়েছে। সময়মতো সংশোধন না হলে জনগণের সামনে সব প্রকাশ করা হবে।

পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোট দেওয়া, জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দফা দাবি আদায়ে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেখানে সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এমনটা বলেন।

ডা. মোহাম্মদ তাহের বলেন, ‘সরকারের ৪-৫ জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে প্রশাসনকে একটি দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছেন।’

তিনি অভিযোগ করেন, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর একটি বিশেষ দলের লোকদের নিয়োগ দেওয়ার জন্য ‘প্রচণ্ড চাপ’ সৃষ্টি করা হচ্ছে।

‘কোনো একটি দলের লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল এবং পুলিশ প্রশাসনে বসিয়ে যেই নীলনকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে, এতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখি না’, যোগ করেন তিনি।

জামায়াতের এই নেতা বলেন, ‘২০১৪ বা ২০১৮ সালের মতো পরিকল্পিত নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আজকে হুঁশিয়ারি দিতে চাই না—আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, প্রশাসনের যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন।’

আবু তাহের বলেন, ‘নিরপেক্ষ, সৎ, যোগ্য লোকদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন। আর যদি না হয়, কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে। তাদের কণ্ঠ রেকর্ড আছে। মিটিংয়ে তারা কী বক্তব্য রাখেন, তার খবর আছে। আমরা জনগণের কাছে আপনাদেরকে এখন প্রকাশ করছি না। সুযোগ করে দিতে চাই, আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সময়মতো সাবধান না হন, তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আপনারাই জুলাই-আগস্টের বিপ্লবের শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন। আপনারাই রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের অধিকারের যে সুযোগ আছে, তার সাথে বেইমানি করছেন। আজকে যারা ১৫ বছরের বেইমানির জন্যে দেশ থেকে বিতাড়িত হয়েছেন, দেশে থাকলেও সূর্যের মুখ দেখার সুযোগ পাচ্ছেন না, আপনাদের পরিণতি তার চেয়েও খারাপ হবে।’

প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তাহের বলেন, ‘আপনি ভালো মানুষ, কিন্তু আপনার সরলতার সুযোগ নিয়ে কিছু লোক আপনাকে বিভ্রান্ত করছে এবং অন্যায়ভাবে ব্যবহার করছে। আপনি তাদের সরান, নাহলে জনগণই তাদের সরিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি করবে।’

জামায়াতের এই নেতা বলেন, ‘এখনকার যুবকদের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে যে চেতনা তৈরি হয়েছে, তাতে আপনারা কয়েক মিনিটও টিকতে পারবেন না।’ তিনি জুলাই-বিপ্লবের শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করার জন্য উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল এটি এম মাছুম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির পরই জাতীয় নির্বাচন দিতে হবে। সরকার একটি দলের দিকে ঝুঁকে পড়েছে। ভারসাম্য নেই। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারছে না। বিগত দিনের খুনি, লুটেরা ও অর্থ পাচারকারীদের বিচার জাতীয় পার্টি ও ১৪ দল লুটপাটের সঙ্গে জড়িত। তাই তাদেরও বিচার করতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে সংস্কার করতে হবে। পুরাতন সনাতন পদ্ধতির পরিবর্তে পিআর পদ্ধতিতে ভোট দিতে হবে। সবার ভোটের মূল্যায়ন করতে হবে।

সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ৫ আগস্ট বাংলাদেশ নতুন পরিচয় পেয়েছে। ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। সংস্কার, বিচারসহ ৫টি মৌলিক দাবি মানতে হবে। দেশে আর কোনও দিন ফ্যাসিবাদের জায়গা হবে না।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে মানববন্ধন কর্মসূচি রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত বিভিন্ন মোড়ে অনুষ্ঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন। একই কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৭টি দল।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

রাজধানীর তেজগাঁও এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ যৌথভাবে গত রাতে অবৈধ চার্জিং ও বিদ্যুৎ ব্যবহার বন্ধে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উত্তেজনা তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার রফিকুল আলম জানান, গত রাতে অবৈধ বিদ্যুতের মাধ্যমে অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছে এমন অভিযোগে সিটি করপোরেশনের সঙ্গে পুলিশ যৌথ অভিযানে নামে। এক পর্যায়ে কিছু ব্যক্তি উত্তেজনা তৈরি করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তিনি আরও জানান, অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে অটোরিকশা চার্জের স্থানগুলো বিদ্যুৎ বিভাগের লোকজন কেটে দেয়।

৩ জেলার ডিসি প্রত্যাহার

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
৩ জেলার ডিসি প্রত্যাহার

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে এই চার কর্মকর্তাকে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রাত পৌনে ১২টায় কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, “উনি একটু আগে মারা গেছেন। আপাতত আমরা শুধু এতটুকু তথ্যই দিতে পারি।”

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, “রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।”

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা ৩ জেলার ডিসি প্রত্যাহার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন "সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন" প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ'র বৃক্ষ রোপন কর্মসূচি তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক