খুঁজুন

নিরস্ত্রীকরণ করতেই হবে: গাজায় হামাসকে হামলার হুমকি ট্রাম্পের

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১১:১৫ অপরাহ্ণ
নিরস্ত্রীকরণ করতেই হবে: গাজায় হামাসকে হামলার হুমকি ট্রাম্পের

গাজায় গ্যাং দমনে হামাসের পদক্ষেপের প্রতি আগের সমর্থন থেকে সরে এসে উল্টো বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবশেষ বক্তব্যে তিনি বলেছেন, যদি হামাস গাজার মানুষ হত্যা অব্যাহত রাখে, তাহলে যুক্তরাষ্ট্র হামাসের ওপর হামলা চালানোর অনুমোদন দেবে, যা কার্যত ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠনটির মধ্যকার যুদ্ধবিরতি ভেঙে দেবে।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে সতর্ক করে ট্রাম্প লিখেছেন, “যদি হামাস গাজায় মানুষ হত্যা চালিয়ে যায়, যা চুক্তির অংশ ছিল না—তাহলে আমাদের আর কোনো বিকল্প থাকবে না; আমরা হামলা চালাব এবং তাদের মেরে ফেলব। এই বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য ধন্যবাদ!”

পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প স্পষ্ট করেন, মার্কিন সেনারা গাজায় প্রবেশ করবে না। তিনি বলেন, “ওটা আমরা করব না। আমাদের করতে হবে না। আশপাশেই এমন কিছু লোক আছে, যারা আমাদের তত্ত্বাবধানে সহজেই কাজটা সম্পন্ন করবে। ”

এই বক্তব্যে ট্রাম্প সরাসরি নাম উল্লেখ না করলেও তার ইঙ্গিত স্পষ্টতই ইসরায়েলের প্রতি।

হামাসের বিরুদ্ধে ট্রাম্পের এই হুমকি ইঙ্গিত করছে তার অবস্থানের নাটকীয় পরিবর্তনকে। এর আগে তিনি হামাসের গাজায় গ্যাং দমনের পদক্ষেপকে সমর্থন জানিয়েছিলেন।

মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেছিলেন, “ওরা কয়েকটা গ্যাংকে সরিয়ে দিয়েছে—খুব খারাপ, ভয়ানক গ্যাং। তারা কয়েকজন গ্যাং সদস্যকে হত্যা করেছে এবং সত্যি বলতে, এতে আমি খুব একটা বিচলিত হইনি। এটা ঠিকই আছে। ”

গাজায় সম্প্রতি হামাস ও সশস্ত্র গোত্রীয় সদস্যদের মধ্যে সংঘর্ষে বেশ কিছু প্রাণহানি ঘটেছে। এসব গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ, তারা মানবিক সহায়তা লুটপাট করেছে এবং ইসরায়েলের হয়ে কাজ করেছে।

গত রোববারের ওই সংঘর্ষের পর গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয়, যারা রক্তপাতের সঙ্গে জড়িত ছিল না, সেই গ্যাং সদস্যদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে।

এর আগে জুন মাসে ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছিলেন যে, রয়েছে। হামাসকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে তারা গাজার কিছু গ্যাংকে অস্ত্র দিয়েছে, যাদের মধ্যে কিছু গোষ্ঠীর আইএসআইএল (আইএসআইএস)-এর সঙ্গে সম্পর্ক রয়েছে।

রবিবার ইসরায়েল-সংযুক্ত এক গ্যাংয়ের বন্দুকধারীরা বিশিষ্ট ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাওয়িকে হত্যা করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ সপ্তাহের শুরুতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাসের সমালোচনা করে অভিযোগ তোলেন যে, হামাস ইসরায়েলি সহযোগিতার সন্দেহে কিছু ব্যক্তিকে হত্যা করেছে। তিনি একে ‘নৃশংস অপরাধ’ বলে উল্লেখ করেন।

আব্বাসের দপ্তরের বিবৃতিতে বলা হয়, “যা ঘটেছে, তা একটি অপরাধ, মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং আইনের শাসনের নীতির ওপর গুরুতর আঘাত। ”

তবে গ্যাং সমস্যা ছাড়াও হামাসকে লক্ষ্য করে ট্রাম্পের আরও হুমকি রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে এবং গাজার শাসনব্যবস্থায় তাদের কোনো ভূমিকা থাকবে না। তবে হামাস এসব শর্তে সম্মত হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

বৃহস্পতিবার ট্রাম্প বলেন, যদি হামাস স্বেচ্ছায় অস্ত্র না ফেলে, তবে তাদের জোরপূর্বক নিরস্ত্র করা হবে। তারা অস্ত্র সমর্পণ করবে। যদি না করে, আমরা করাব। সেটা দ্রুতই ঘটবে, আর হয়তো সহিংসভাবেই।

গত শনিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তা মোটামুটি টিকে আছে। তবে ইসরায়েল বারবার এই চুক্তি ভঙ্গ করেছে, প্রতিদিনই ফিলিস্তিনিদের হত্যা করছে, এই অজুহাতে যে তারা নাকি ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করেছিল, যদিও এসব এলাকা স্পষ্টভাবে চিহ্নিত নয়।

ইসরায়েল আরও হুমকি দিয়েছে যে, হামাস যদি তার হাতে থাকা বন্দিদের সবাইকে ফেরত না দেয়, তবে গাজায় মানবিক সহায়তা প্রবাহ আবারও সীমিত করা হবে। পাশাপাশি, ফিলিস্তিনি ভূখণ্ড ও মিশরের মধ্যবর্তী রাফাহ সীমান্তও এখনো পুরোপুরি খুলে দেওয়া হয়নি।

যুদ্ধবিরতি ঘোষণার পর ট্রাম্প একে ‘নতুন মধ্যপ্রাচ্যের সূচনা’ বলে বর্ণনা করেছিলেন। তবে তার সর্বশেষ হুমকি সেই আশার ওপর ছায়া ফেলেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু