ডা. জোবাইদা রহমানের সাজা এক বছর স্থগিত

অনলাইন নিউজ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৪ ১:০০ পিএম
ডা. জোবাইদা রহমানের সাজা এক বছর স্থগিত

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাজধানীর কাফরুল থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানকে দেওয়া আদালতের সাজা স্থগিত করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লার সই করা এক প্রজ্ঞাপনে এ স্থগিতাদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডা. জোবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে ৪০১(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য সাজা স্থগিত করা হলো।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল হুদা রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করেন।

এ মামলায় ২০২৩ সালে ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান তারেক রহমানকে ৯ বছর ও জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...