হাসিনার রায়ের অপেক্ষায় জাতি: মির্জা ফখরুল
জাতি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি এ কথা বলেন।
পোস্টে মির্জা ফখরুল বলেন, ‘ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে। আমি আশা করব আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে!’
তিনি আরও বলেন, ‘মুগ্ধ, ওয়াসিম, আবু সাইদ আরও অনেকে অপেক্ষায় আছে! অপেক্ষায় আছে আগামীর বাংলাদেশ।’
এছাড়া পোস্টে তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিহতদের একটি পোস্টার শেয়ার করেন।
উল্লেখ্য, আজ সকাল থেকেই ট্রাইব্যুনালে অবস্থান নিয়েছে বিটিভির বিশেষ লাইভ সম্প্রচার টিম। সকাল ৮টার পর লাইভ টিম ট্রাইব্যুনাল গেটে পৌঁছে অবস্থান নেয়। আদালতের মূল ফটকের বাইরে ইতোমধ্যে জড়ো হয়েছেন দেশি-বিদেশি সংবাদমাধ্যমের সাংবাদিকরা।
আদালত সূত্রে জানা গেছে, বেলা ১১টার পর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় বাড়ানো হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা। পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবির পাশাপাশি মোতায়েন রয়েছে সেনাবাহিনীও। গোয়েন্দা সংস্থার সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।




আপনার মতামত লিখুন