তোমার অভিশপ্ত জীবনের এটাই শুরু: জিতু
চিরদিনই তুমি যে আমার কি তাহলে শেষ হয়ে যাচ্ছে? কোনোভাবেই মিটমাট হল না? অভিশপ্ত জীবনের ‘ভয়’ কাকে দেখালেন ছোট পর্দার আর্য সিংহ রায়?
বাংলা সিরিয়ালের ইতিহাসের ‘বিরল’ এক ইতিহাস তৈরি করল নিঃসন্দেহে চিরদিনই তুমি যে আমার। নায়ক-নায়িকাদের কলহ এমন পরিস্থিতি তৈরি করেছে যে, টিআরপি তালিকায় বেশ উপরে থাকার পরেও, বন্ধ হওয়ার মুখে। জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে কেউই এখনও মধ্যস্থতায় আসতে পারেননি বলে খবর। শুক্রবার থেকে ফের সেটের মধ্যে চলা ঝামোলার খবর মিডিয়ার সামনে আসে। অবশ্য এটা প্রথম নয়। মাসখানেক আগে একে-অপরের নামে পোস্ট করে, তা মুছে ফেলে, ‘সব ঠিক হয়ে গিয়েছে’ জানিয়েছিলেন তাঁরা।
এরপর শনি ও রবি কোনোরকমে শ্যুট চালানোর পর, সোমবার রাতে নায়ক-নায়িকাকে নিয়ে আলোচনায় বসেছিল প্রযোজনা সংস্থা। দুজনকে মুখোমুখি বসিয়ে, ঘণ্টা তিনেক আলোচনা চলার পরেও, মধ্যস্থতায় আসতে ব্যর্থ হন তাঁরা।
এরপর সোমবার গভীর রাতেই বেশ ইঙ্গিতবাহী একটি পোস্ট এল জিতুর সোশ্যাল মিডিয়ায়। যেখানে একটি ছবির উপরে লেখা রয়েছে, ‘মানুষ মৃত্যুর চেয়ে বদনামকে বেশি ভয় করে।’
এরসঙ্গে জিতু জুড়েছেন ক্যাপশন। যেখানে লেখা, ‘এত ভালো অভিজ্ঞতার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু এটা তোমার জয় নয়, বরং তোমার অভিশপ্ত জীবনের এটাই শুরু।’ সঙ্গে একটি ‘ওম’ ও একটি ইউনিভার্সের ইমোজিও দিয়েছেন তিনি। এখন প্রশ্ন, কোনোভাবে কি তাঁর ইঙ্গিত দিতিপ্রিয়ার দিকে? বন্ধই কি হয়ে যাচ্ছে চিরদিনই তুমি যে আমার ধারবাহিকটি?
খবর, জিতু ও দিতিপ্রিয়ার এই কলহের কারণে রীতিমতো বিরক্ত ইন্ডাস্ট্রির অনেকেই। এর আগেও সিরিয়াল চলাকালীন একাধিক নায়ক-নায়িকা জুটির মধ্যে সমস্যার কথা শোনা গিয়েছে। বছর দুয়েক আগে মিঠাই ধারাবাহিকেও শেষের দিকে কথা বলতেন না সৌমিতৃষা কুণ্ডু ও আদৃত রায়। তবে তাঁদের মধ্যে চলা সমস্যা ছাপ ফেলেনি কাজে।
জিতুর বিরুদ্ধে দিতিপ্রিয়া অভিযোগ তুলেছিলেন প্রথমে অগস্ট মাস নাগাদ। জানান যে, সেটে তাঁর সঙ্গে কথা বলেন না নায়ক। কথা যা হয় হোয়াটসঅ্য়াপে। আর সেখানেও এম কিছু কথা বলেছেন, যাতে তিনি অপ্রস্তুত। যেমন ডাক্তার দেখাতে যাওয়ার কথা শুনে জিতুর ঠাট্টা ‘কেন তুমি কি প্রেগন্যান্ট?’ আবার আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের সাহায্যে ভক্তদের বানানো আর্য-অপর্ণার চুমু খাওয়ার ভিডিয়ো পাঠিয়ে বলতেন ‘প্রেমিককে’ দেখাতে।
এরপর সিরিয়াল শুরুর পর থেকে দিতিপ্রিয়ার সঙ্গে হওয়া গোটা চ্যাটটাই তুলে ধরেন জিতু। দেখান ‘আপত্তি তোলেননি’ দিতিপ্রিয়াও সেভাবে কখনো। সেবার প্রযোজনা সংস্থা সবটা মিটমাট করিয়ে দেয়। দুজনেই সব মিটে যাওয়ার খবর এসে জানান ফেসবুকে। এরপর নায়িকার নাকে অপারেশন, নায়কের অঢেল প্রশংসা। নায়কের হসাপাতালে ভর্তি, নায়িকার আরোগ্য কামনা। তবে ভিতরে ভিতরে যে অসন্তোষের পাহাড় জমেছিল, তা স্পষ্ট।




আপনার মতামত লিখুন