১৫০ জনের অধিক অ্যাথলেটের অংশগ্রহণ
উদ্বোধন হলো ‘মিস্টার চট্টগ্রাম বডিবিল্ডিং কম্পিটিশন ২০২৫’
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘মিস্টার চট্টগ্রাম বডিবিল্ডিং কম্পিটিশন ২০২৫’। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলায়তনে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ ফয়সাল আহমেদ- ডেপুটি পুলিশ কমিশনার সিএমপি (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানভীর শাহরিয়ার রিমন- সিইও, Rencon fc, ডা. মো: কামরুজ্জামান, সাধারণ সম্পাদক- বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন, খালেদ আবদুল, যুগ্ম সম্পাদক- বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন, মোনাতষ ঘোষ, সাবেক যুগ্ম সম্পাদক- বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন, ডক্টর আশরাফুরজামান, ভিসি- সাউদানি ইউনিভার্সিটি চট্টগ্রাম, রনি দাশ, আয়োজক- মিস্টার চট্টগ্রাম বডি বিল্ডিং কম্পিটিশন ২০২৫।
প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে ১৫০ জনের বেশি অ্যাথলেট অংশ নিচ্ছেন। জুনিয়র, সিনিয়র ও মাস্টার্স- তিনটি ক্যাটাগরিতে এ বছরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বডিবিল্ডারদের শারীরিক গঠন, পেশির সুষমতা, উপস্থাপনা ও ফিটনেস অনুযায়ী বিচার করবেন বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের স্বীকৃত বিচারকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শারীরিক ফিটনেস শুধু খেলাধুলা নয়, এটি স্বাস্থ্যসম্মত সমাজ গঠনের পূর্বশর্ত। এই ধরনের প্রতিযোগিতা যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখে।”
বক্তারা বলেন, চট্টগ্রাম বরাবরই দেশের বডিবিল্ডিং অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন প্রজন্মের দক্ষ অ্যাথলেট তৈরি ও আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতার লক্ষ্যে নিয়মিত এমন আয়োজন প্রয়োজন।
আয়োজকেরা জানান, প্রতিযোগিতা শেষে প্রতিটি ক্যাটাগরির সেরা পাঁচজনকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি ‘মিস্টার চট্টগ্রাম ২০২৫’ নির্বাচিত বিজয়ীর জন্য থাকছে বিশেষ সম্মাননা।
উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট চত্বরে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। প্রতিযোগীদের উৎসাহ দিতে পরিবার-পরিজন, ক্রীড়াপ্রেমী ও দর্শনার্থীদের ভিড় ছিল উপচে পড়া।





আপনার মতামত লিখুন