খুঁজুন

রোবট চালাবে অর্থনীতি, হারিয়ে যাবে টাকা

আগামী ২০ বছরে মানুষের চাকরি থাকবে না: ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ণ
আগামী ২০ বছরে মানুষের চাকরি থাকবে না: ইলন মাস্ক

চাকরি, আয়, কর্মজীবন মানবসমাজের হাজার বছরের পরিচিত কাঠামো পাল্টে যেতে চলেছে। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘ইউএস-সৌদি ইনভেস্টমেন্ট ফোরাম’-এ টেসলা সিইও এলন মাস্ক এমনই এক রোমহর্ষক ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছেন। তাঁর মতে, আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যেই পৃথিবী এমন এক যুগে প্রবেশ করবে, যেখানে মানুষের কাজ করা বাধ্যবাধকতা নয়, বরং নিছক শখ হয়ে দাঁড়াবে। কাজ হবে গেম খেলা বা শখের বাগান করার মতো স্বেচ্ছাধীন কর্মকাণ্ড।

মাস্ক উদাহরণ টেনে বলেন, “যেমন কেউ সহজেই দোকান থেকে সবজি কিনতে পারে, আবার কেউ শখ করে বাড়ির পেছনে নিজের সবজি চাষ করে তেমনি ভবিষ্যতে কাজও হবে কেবল ইচ্ছা থেকে।” তাঁর বিশ্বাস, দ্রুতগতির প্রযুক্তি ও রোবোটিক বিপ্লব মানবশ্রমকে অপ্রয়োজনীয় করে দেবে।

রোবটই চালাবে ভবিষ্যতের অর্থনীতি:

মাস্ক দাবি করেন, ভবিষ্যতের বিশ্ব অর্থনীতি দাঁড়িয়ে থাকবে লক্ষ লক্ষ রোবটের উৎপাদনক্ষমতার ওপর। এমনকি তিনি আশা করছেন, টেসলার ভবিষ্যৎ বাজারমূল্যের প্রায় ৮০ শতাংশই আসবে তাদের তৈরি হিউম্যানয়েড রোবট ‘অপটিমাস’ থেকে যদিও এ প্রকল্প নানা বিলম্বে এখনো পুরোদমে শুরু হয়নি।

টাকা-ছাড়া সমাজ?

মাস্ক বলছেন “ইউনিভার্সাল হাই ইনকাম”।
মাস্কের কল্পনায়, উন্নত রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা এমন এক পৃথিবী তৈরি করবে যেখানে অর্থের প্রয়োজনই ফুরিয়ে যেতে পারে। তিনি লেখক আইয়ান এম. ব্যাংকসের Culture Series-এর মতো এক “post-scarcity” বিশ্বের কথা বলেন যেখানে মানুষ চাকরি ছাড়াই সুখে বাঁচে।

মানুষ যেন অর্থনৈতিক চাপ ছাড়াই টিকে থাকতে পারে, সে জন্য তিনি ধারণা দেন “Universal High Income”-এর। যদিও এটি কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে মাস্ক বিস্তারিত ব্যাখ্যা করেননি। ধারণাটি অনেকটা ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান সমর্থিত ইউনিভার্সাল বেসিক ইনকাম (UBI)-এর মতো।

বিশেষজ্ঞদের প্রশ্ন: স্বপ্ন, নাকি অতি-আহ্লাদি কল্পনা?

অর্থনীতিবিদদের মতে, মাস্কের চিন্তা যতই আকর্ষণীয় হোক, বাস্তবে পৌঁছাতে এখনও বহু দূর। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ইয়োয়ানা মারিনেস্কু মনে করেন এআই এগোচ্ছেও, রোবট প্রযুক্তি এখনও ব্যয়বহুল, জটিল এবং সীমাবদ্ধ। শিল্পবিপ্লব থেকে শুরু করে শত শত বছর ধরে যান্ত্রিকীকরণের প্রচেষ্টা চলেছে, তবে প্রতিটি নতুন অগ্রগতি আগেরটির চেয়ে বেশি কঠিন হয়ে উঠছে।

এআই নিয়ে উদ্বেগ যতই থাকুক, বাস্তব বিশ্ব শ্রমবাজার এখনো স্থিতিশীল। ইয়েল বাজেট ল্যাব-এর রিপোর্ট বলছে, চ্যাটজিপিটির সূচনার পরও বিশ্ব শ্রমবাজারে কোনো বড় ধস দেখা যায়নি।

বৈষম্যের ভয়: প্রযুক্তি কি শুধু ধনীদেরই উপকারে আসবে?

টেম্পল ইউনিভার্সিটির শ্রম অর্থনীতিবিদ স্যামুয়েল সলোমন সতর্ক করে বলছেন প্রযুক্তি যতই অগ্রসর হোক, রাজনৈতিক সিদ্ধান্তই ঠিক করবে এর সুবিধা কে পাবে। “এই আয় কি সবার হবে, নাকি কেবল অল্প কিছু মানুষের?”এটাই মূল প্রশ্ন।

বর্তমান বৈশ্বিক অর্থনীতিতেই তার ইঙ্গিত দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটে “ম্যাগনিফিসেন্ট সেভেন” নামে পরিচিত প্রযুক্তি জায়ান্টদের আয় বাড়ছে, বিপরীতে অন্যান্য প্রতিষ্ঠানের আয় প্রত্যাশা কমতে শুরু করেছে।

কাজহীন সমাজ কি মানবিকভাবে টেকসই?

অর্থনীতিবিদ আন্তন কোরিনেক মনে করেন, মানুষের সুখ, পরিচয় ও সামাজিক সম্পর্কের একটি বড় অংশ তৈরি হয় কর্মক্ষেত্রে। যদি কাজ বিলুপ্ত হয়, তাহলে নতুন করে ভাবতে হবে মানুষের উদ্দেশ্যবোধ, মানসিক স্বাস্থ্য ও সামাজিক সংযোগের বিষয়গুলো নিয়ে।

মাস্কও স্বীকার করেন “যদি রোবট আর এআই সবকিছুই ভালোভাবে করে ফেলতে পারে, তবে মানুষের জীবনের অর্থ কী থাকবে?”

এলন মাস্ক এমন এক ভবিষ্যতের কথা বলছেন যেখানে রোবট কাজ করবে, মানুষ কাজ বেছে নেবে কেবল আনন্দের জন্য, আর অর্থের প্রয়োজনই থাকবে না। তবে বিশেষজ্ঞদের মতে, এই ভবিষ্যৎ বাস্তবে আসতে হলে আগে অতিক্রম করতে হবে প্রযুক্তিগত জটিলতা, অর্থনৈতিক অসমতা এবং রাজনৈতিক সিদ্ধান্তের বড় বড় দেয়াল।

স্বপ্ন ও বাস্তবতার এই দ্বন্দ্বেই গড়ে উঠছে ভবিষ্যতের শ্রমবাজার এক এমন যুগের প্রস্তুতি, যেখানে মানুষের পরিচয়ের মূল ভিত্তি হয়তো আর “চাকরি” হবে না।

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু