ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বেলকুচিতে বিক্ষোভ মিছিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজ শেষে বেলকুচির আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু করে বেলকুচি আঞ্চলিক সড়ক প্রদক্ষিন করে মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনির সামনে প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশে উপস্থিত উপজেলার সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দ হাদির খুনীদের বিচারের দাবি, আওয়ামী লীগের বিচার কার্যক্রম দ্রুত করার আহ্বান এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশ শেষে হাদির আত্মার মাগফেরাত কামনায় সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা শিবিরের সভাপতি আব্দুল আজিজ, বায়তুলমাল সম্পাদক এরশাদ আলী, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আলতাফ হোসেন প্রামাণিক, জেলা জাতীয় যুবশক্তি সদস্য সচিব মুসা হাশেমী, উপজেলা শিবিরের সভাপতি ইউসুফ বাবু বেলকুচি পৌর ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার হোসেন, উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, খেলাফত মজলিস প্রতিনিধি আবু মুসাসহ স্থানীয় ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) গণসংযোগের সময় বিজয়নগর এলাকায় হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী গুলি করেন। গুলিটি হাদির মাথায় লাগে। গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়। রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ উল্লেখ করেন। সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সারাদেশে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে।




আপনার মতামত লিখুন