দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশির নাগরিকত্বের আবেদন খারিজ
দক্ষিণ কোরিয়ার একটি আদালত আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বহাল রেখে বাংলাদেশি এক নাগরিকের নাগরিকত্বের (ন্যাচারালাইজেশন) আবেদন প্রত্যাখ্যান করেছে। আদালতের রায়ে বলা হয়েছে, আবেদনকারী আইনে নির্ধারিত ‘সদাচরণের’ শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছেন।
রোববার (২১ ডিসেম্বর) ঘোষিত রায়ে সিউল প্রশাসনিক আদালত আইন মন্ত্রণালয়ের নাগরিকত্ব আবেদন প্রত্যাখ্যানের সিদ্ধান্ত বাতিলের দাবিতে করা বাংলাদেশি নাগরিকের মামলাটি খারিজ করে দেয়। এ খবর দিয়েছে অনলাইন দ্য কোরিয়ান হেরাল্ড।
মামলার বাদী শুরুতে দক্ষিণ কোরীয় এক নাগরিককে বিয়ে করার সূত্রে সহজীকৃত নাগরিকত্বের জন্য আবেদন করেন। তবে পরে সেই বিয়ে ভেঙে যাওয়ায় তিনি তার আবেদনের আইনি ভিত্তি পরিবর্তন করেন। আইন মন্ত্রণালয় আবেদনটি প্রত্যাখ্যান করে জানায়, আবেদনকারীর বিরুদ্ধে থাকা অপরাধ ও তদন্ত সংক্রান্ত রেকর্ডের কারণে তিনি জাতীয়তা আইনের আওতায় নির্ধারিত ‘সদাচরণ’ শর্ত পূরণ করেন না। জাতীয়তা আইনের ৫ নম্বর ধারায় সাধারণ নাগরিকত্বের শর্তাবলী উল্লেখ রয়েছে। এর মধ্যে রয়েছে দেশটিতে টানা কমপক্ষে পাঁচ বছর বসবাস, ভালো আচরণের ইতিহাস এবং আবেদনকারীর নাগরিকত্ব দেয়ায় রাষ্ট্রের নিরাপত্তা, শৃঙ্খলা বা জনস্বার্থের ক্ষতি করবে না- এ বিষয়ে আইনমন্ত্রীর স্বীকৃতি।
আদালতের নথি অনুযায়ী, আবেদনকারী আগে গুরুতর চুরি ও চোরাই মালামাল ব্যবস্থাপনার মতো অপরাধে কিশোর সুরক্ষা আইনের আওতায় বিচারাধীন ছিলেন। পরে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে তাকে জরিমানাও করা হয়। আবেদনকারীর দাবি ছিল, কিশোর বয়সে করা এসব কাজ ছিল তাৎক্ষণিক ও অপরিণত সিদ্ধান্তের ফল এবং সড়ক পরিবহন আইনের জরিমানাটি যৌথ দায়বদ্ধতার কারণে হয়েছিল, তার ব্যক্তিগত দোষের জন্য নয়।
তিনি আরও যুক্তি দেন, তিনি স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত ছিলেন এবং দক্ষিণ কোরিয়ায় তার একটি স্থায়ী জীবন গড়ে উঠেছে; নাগরিকত্ব না দিলে তিনি চরম ভোগান্তির শিকার হবেন। তবে আদালত এসব যুক্তি প্রত্যাখ্যান করে জানায়, আইন মন্ত্রণালয় তথ্যের ভুল মূল্যায়ন করেনি কিংবা তার ক্ষমতার অপব্যবহারও করেনি।
আদালতের মতে, অপরাধগুলো দীর্ঘ সময়জুড়ে একাধিকবার সংঘটিত হয়েছে এবং এগুলোর অবৈধতা ও দায়বদ্ধতাকে তুচ্ছ হিসেবে দেখা যায় না। আদালত আরও উল্লেখ করে, আবেদনকারী নাগরিকত্ব আবেদনের সময় নিজের অপরাধমূলক ইতিহাস গোপন করেছিলেন, যা দক্ষিণ কোরিয়ার আইন ব্যবস্থার প্রতি তার অসম্মান প্রদর্শন করে।




আপনার মতামত লিখুন