খুঁজুন
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২

চলছে শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন, আসবে নতুন সভাপতি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ণ
চলছে শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন, আসবে নতুন সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫ শুরু হয়েছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সারাদেশ থেকে আগত প্রায় ৬ হাজারের বেশি সদস্যের অংশগ্রহণে শুরু হয় এ আয়োজন। এ সম্মেলনের মধ্য দিয়েই সংগঠনটির ২০২৬ মেয়াদের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হবেন।

দলীয় সূত্র জানায়, ছাত্রত্ব শেষ হওয়ায় সংগঠনের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আর শিবিরের রাজনীতিতে থাকতে আগ্রহী নন। সে কারণে চলতি বছরই দায়িত্ব থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গঠনতন্ত্র অনুযায়ী, সারা দেশ থেকে আসা কয়েক হাজার সদস্যের সরাসরি ও গোপন ভোটে নতুন সভাপতি নির্বাচন করা হবে। নির্বাচিত সভাপতি পরবর্তীতে একজনকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করবেন। এদিকে সম্মেলনকে ঘিরে সভাপতি পদে একাধিক নেতার নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে।

শীর্ষ পদটির দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন সংগঠনের বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়া সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি সাদিক কায়েম।

শিবিরের নির্বাচন

তবে সংগঠনটির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ছাত্রশিবিরের রাজনীতিতে সাধারণত সেক্রেটারি জেনারেলই পরবর্তী সময়ে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পান। এই ধারার ব্যতিক্রম সংগঠনটির ইতিহাসে খুব একটা দেখা যায়নি।

সে হিসেবে বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামই দলটির নতুন কাণ্ডারি হওয়ার সম্ভাবনায় এগিয়ে রয়েছেন। এ ক্ষেত্রে আলোচনায় থাকা বাকি নেতাদের মধ্যে সিবগাতুল্লাহ, আজিজুর রহমান আজাদ ও সাদিক কায়েমের মধ্য থেকে একজনকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংগঠনটির নেতারা জানিয়েছেন, আলোচনায় থাকা নেতাদের মধ্য থেকেই সভাপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল। একই সঙ্গে যিনি সভাপতি নির্বাচিত হবেন, তিনি ব্যতিক্রম না হলে আলোচনায় থাকা অন্য নেতাদের মধ্য থেকেই একজনকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেবেন।

নেতাদের মতে, ২০২৫ সালের এই কেন্দ্রীয় সদস্য সম্মেলন ছাত্রশিবিরের জন্য একটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে এসেছে। সামনে জাতীয় নির্বাচন থাকায় তরুণ ভোটারদের একটি বড় অংশকে আকৃষ্ট করতে মেধাবী, কৌশলী ও সময়োপযোগী নেতৃত্ব প্রয়োজন।

পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় ছাত্র রাজনীতির নতুন ধারায় নিজেদের অবস্থান সুসংহত করাও নবনির্বাচিত কমিটির অন্যতম প্রধান লক্ষ্য হবে বলে মনে করছেন সংগঠনের সংশ্লিষ্টরা।

উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু

রাজধানীর উত্তরায় একটি ৭ তলা ভবনের দ্বিতীয় তলার এক বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ২জন নারী ও ১ জন পুরুষ। এ ঘটনায় ১৩ জন আহত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ সেক্টরের ১৮ নম্বর সড়ক এলাকায় অগ্নিকাণ্ড ঘটে। সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে একই সময়ে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরো বলেন, অগ্নিকাণ্ডে ওই বাসার ভেতরে থাকা ৩ জনের মৃত্যু হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় ১৩ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদেরকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলেও জানান তিনি।

বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক ও প্রশ্নফাঁসে জড়িত সৈয়দ আবেদ আলী জীবনের তিন দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগারে থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের সহকারী পরিচালক আল আমিন তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ও মানি লন্ডারিং আইনে আসামি সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে মামলা হয়েছে। তার সঙ্গে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেন পাওয়া যায়। তার মধ্যে মো। জাকারিয়া রহমানসহ একাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারী জড়িত আছেন মর্মে তথ্য পাওয়া যায়।

আসামি সৈয়দ আবেদ আলী বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) একজন গাড়িচালক (অবসরপ্রাপ্ত) হয়েও তিনি সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত ছিলেন। অনেক সরকারী কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ ছিল এবং অনৈতিকভাবে চাকুরি পেয়েছেন মর্মে বিশ্বস্থসূত্রে জানা যায়।

আসামি সৈয়দ আবেদ আলী ওরফে জীবনের কাছে থেকে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রকৃত তথ্য ও উপাত্ত সংগ্রহের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
২
উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে নির্বাচনী ঐক্য: জামায়াত লড়বে ১৭৯টিতে, সমঝোতা ২৫৩ আসনে বেলকুচিতে রাজস্ব তহবিল হতে প্রতিবন্ধী, নারী ও যুবদের মাঝে সহায়তা সামগ্রী ও সনদ বিতরণ