নিরাপত্তা ও মর্যাদায় আপস নয়, ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ
বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ সরকার অনড় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের এই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বোঝানো সম্ভব হবে।
বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আসিফ নজরুল বলেন, “আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা- এটার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, আমরা সেখানে খেলতে চাই।”
তিনি আরও বলেন, “এই পজিশনে (ভারতে খেলতে না যাওয়া) আমরা অনড় আছি।”
আইসিসির প্রতি আস্থা প্রকাশ করে উপদেষ্টা বলেন,
“আমরা কেন অনড় আছি, আমরা আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হবো। আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদ্যতার সঙ্গে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যেটা অর্জন করেছি সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে।”
উল্লেখ্য, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের নাম কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পরই ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানায় বাংলাদেশ।




আপনার মতামত লিখুন