চানখাঁরপুল হত্যা মামলা
ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ আসামির মৃত্যুদণ্ড
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের রায়ে তিন আসামিকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রদানের পাশাপাশি তাঁদের স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: হাবিবুর রহমান (সাবেক কমিশনার, ডিএমপি); সুদীপ কুমার চক্রবর্তী (সাবেক যুগ্ম কমিশনার, ডিএমপি); শাহ্ আলম মো. আখতারুল ইসলাম (সাবেক অতিরিক্ত উপকমিশনার, রমনা অঞ্চল)।
মামলার অন্য পাঁচ আসামিকে তাঁদের অপরাধের মাত্রা অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে: মোহাম্মদ ইমরুল (সাবেক সহকারী কমিশনার, রমনা অঞ্চল) : ৬ বছরের কারাদণ্ড; মো. আরশাদ হোসেন (সাবেক পরিদর্শক, শাহবাগ থানা) : ৪ বছরের কারাদণ্ড; মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম (সাবেক কনস্টেবল) : প্রত্যেককে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ দুপুরে জনাকীর্ণ আদালতে রায় পড়ে শোনান ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ২০২৪ সালের জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে তৎকালীন পুলিশ কর্মকর্তাদের ভূমিকা ছিল চরম অমানবিক এবং তা আন্তর্জাতিক অপরাধ আইনের আওতায় মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন চানখাঁরপুল এলাকায় পুলিশের গুলিতে শাহরিয়ার খান আনাসসহ বেশ কয়েকজন ছাত্র-জনতা শহীদ হন। এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে প্রসিকিউশন পক্ষ থেকে মামলা করা হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আজ এই রায় ঘোষণা করা হলো।




আপনার মতামত লিখুন