খুঁজুন

ট্রাম্প হামলা না করলে ইরান আরও বেপরোয়া হবে: সৌদি প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
ট্রাম্প হামলা না করলে ইরান আরও বেপরোয়া হবে: সৌদি প্রতিরক্ষামন্ত্রী

ওয়াশিংটনে এক গোপন বৈঠকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে তার হুমকি বাস্তবায়ন না করেন, তবে তেহরানের সরকার আরও শক্তিশালী হয়ে উঠবে। ওই বৈঠকে উপস্থিত চারটি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

সৌদি আরবের প্রকাশ্য অবস্থানের ঠিক উল্টো মেরুতে এই মন্তব্য। জনসমক্ষে তারা উত্তেজনা বাড়ানোর বিপক্ষে কথা বলছিল। মাত্র তিন সপ্তাহ আগেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই সতর্কবার্তার কারণেই ট্রাম্প হামলার সিদ্ধান্ত পিছিয়েছিলেন।

এক নজরে পরিস্থিতি:

সৌদি যুবরাজের ছোট ভাই এবং সবচেয়ে বিশ্বস্ত সহযোগী হলেন খালিদ বিন সালমান। ইরান নিয়ে আলোচনা করতেই তিনি ওয়াশিংটন সফরে গেছেন। এদিকে পুরো মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক অভিযানের আতঙ্কে দিন গুনছে। তেহরানও হুমকি দিয়ে রেখেছে যে, তাদের জবাব হবে ‘নজিরবিহীন’।

উপসাগরীয় অঞ্চলে ট্রাম্প বিশাল মার্কিন সামরিক শক্তি জড়ো করার নির্দেশ দিয়েছেন। অবশ্য হোয়াইট হাউসের কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ট্রাম্প এখনো কূটনৈতিক পথেই সমাধানের চেষ্টা করতে চান।

এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো সিরিয়াস আলোচনা চলছে না। মার্কিন কর্মকর্তাদের মতে, আমেরিকার কঠোর শর্ত মেনে কোনো চুক্তিতে পৌঁছাতে তেহরান আগ্রহী বলে মনে হচ্ছে না।

উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তা বলেন, ‘ইরান সব সময়ই চুক্তি করতে চায়। কিন্তু সমস্যা হলো কেমন চুক্তি হবে তা নিয়ে। ইরান কী ধরনের চুক্তি চায় আর আমেরিকা কোনটা মানবে? এটাই বড় প্রশ্ন। এই মুহূর্তে দুই পক্ষের মিল হওয়ার কোনো লক্ষণ আমরা দেখছি না।’

খবরের পেছনের খবর:

বৃহস্পতিবার হোয়াইট হাউসে দীর্ঘ বৈঠক করেছেন খালিদ বিন সালমান। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন উপস্থিত ছিলেন। একটি সূত্র জানিয়েছে, বৈঠকের মূল আলোচনার বিষয় ছিল ইরানে মার্কিন হামলার সম্ভাবনা।

প্রকাশ্য বনাম গোপন অবস্থান:

সৌদি আরবের প্রকাশ্য অবস্থান বেশ সতর্ক। বুধবার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে যুবরাজ সালমান স্পষ্ট জানিয়ে দেন, ইরানে হামলার জন্য সৌদি আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। এক বিবৃতিতে সৌদি আরব জানিয়েছে, তারা ইরানের সার্বভৌমত্বকে সম্মান করে এবং কূটনৈতিক সমাধান চায়।

তবে পর্দার আড়ালে খালিদ বিন সালমানের সুর ছিল ভিন্ন। শুক্রবার মধ্যপ্রাচ্য বিষয়ক ১৫ জন বিশেষজ্ঞ এবং পাঁচটি ইহুদি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক ঘণ্টা বৈঠক করেন তিনি। সেখানে তিনি অনেকটা খোলামেলা কথা বলেন।

সূত্রের মতে, তিনি বলেছেন, কয়েক সপ্তাহ ধরে হুমকি দেওয়ার পর ট্রাম্পকে এখন সামরিক পদক্ষেপ নিতেই হবে। তবে একই সঙ্গে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি কমানোর চেষ্টাও করতে হবে।

ওই বৈঠকে খালিদ বিন সালমান বলেন, ‘এই মুহূর্তে যদি হামলা না হয়, তবে তা ইরানের সরকারকে আরও সাহসী ও বেপরোয়া করে তুলবে।’

দুটি সূত্র জানিয়েছে, হোয়াইট হাউসে খালিদ বিন সালমান যে বার্তা দিয়েছিলেন, এখানেও তিনি সেটাই বলেছেন। তবে তিনি এও জানিয়েছেন, ইরান নিয়ে ট্রাম্প প্রশাসনের কৌশল বা উদ্দেশ্য আসলে কী, সে সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে তিনি বৈঠক থেকে বের হতে পারেননি।

শুক্রবার আলাদা এক ব্রিফিংয়ে উপসাগরীয় এক কর্মকর্তা বলেন, পুরো অঞ্চলটি এখন এক উভয় সংকটে আটকা পড়েছে। যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে ‘খারাপ ফল’ হতে পারে। আবার হামলা না করলে ‘ইরান আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসবে’।

কৌশলগত পরিবর্তন:

মার্কিন কর্মকর্তারা বলছেন, মাত্র তিন সপ্তাহ আগেই সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে মিনতি করছিল যেন ইরানে বোমা ফেলা না হয়। তারা আঞ্চলিক যুদ্ধের ঝুঁকির বিষয়েও সতর্ক করেছিল।

এই মত পরিবর্তনের একটি কারণ হতে পারে—সৌদিরা হয়তো বুঝতে পেরেছে ট্রাম্প হামলার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। তাই তারা এখন আর এই সিদ্ধান্তের বিরোধিতা করছে—এমনটা দেখাতে চাইছে না।

অন্যান্য প্রসঙ্গ:

বৈঠকে উপস্থিত তিনটি সূত্র জানিয়েছে, খালিদ বিন সালমান জোর দিয়ে বলেছেন সৌদি আরব ইসরায়েল থেকে দূরে সরে যাচ্ছে না। অথবা মুসলিম ব্রাদারহুডের দিকেও ঝুঁকছে না।

সৌদি সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলবিরোধী মনোভাব বাড়ছে—উপস্থিত সদস্যদের এমন উদ্বেগও তিনি নাকচ করে দেন।

বৈঠকে অংশ নেওয়া একজন বলেন, ‘তিনি ( খালিদ বিন সালমান) বেশ কয়েকবার বলেছেন এসব বাজে কথা। তবে তিনি যতবার এ কথা বলছিলেন, ততই আমাদের কাছে বিষয়টি কম বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল।’

তথ্যসূত্র: টিবিএস

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু