খুঁজুন
শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১ চৈত্র, ১৪৩২

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন নারী নেত্রীদের

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১১ অপরাহ্ণ
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন নারী নেত্রীদের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‌‘এক্স’ (টুইটার) অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন বিতর্কিত একাধিক নারী নেত্রী। তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাত করে তারা এ আবেদন জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিতর্কিত গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু।

তিনি বলেন, সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের সম্পর্কে যে অবমাননাকর, কুরুচিপূর্ণ ও নারীবিদ্বেষী মন্তব্য করেছেন, তা শুধু নারীদের প্রতি চরম অবমাননাই নয়; বরং দেশের কোটি কোটি শ্রমজীবী নারীর শ্রম, সম্মান ও সামাজিক অবদানের সরাসরি অস্বীকৃতি।

মোশরেফা মিশু আরও বলেন, পরবর্তীতে দলীয়ভাবে ওই মন্তব্যকে ‘হ্যাকিং’-এর ফল বলে দাবি করা হলেও ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বক্তব্যের ক্ষেত্রে এ ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের কোনো আনুষ্ঠানিক বক্তব্য, স্বচ্ছ তদন্ত প্রতিবেদন কিংবা প্রামাণ্য তথ্য এখনও জনসমক্ষে আসেনি।

বিতর্কিত এই নেত্রী দাবি করেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্যে জানা গেছে, হ্যাকিং অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হলেও পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে পরস্পরবিরোধী তথ্য দেওয়া হয়েছে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে হ্যাকিংয়ে জড়িত থাকার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এতে তথাকথিত ‘হ্যাকিং’ দাবি আরও প্রশ্নবিদ্ধ হয়েছে।

কথিত ওইসব নারী নেত্রীরা বলেন, গার্মেন্টস শিল্পসহ দেশের বিভিন্ন খাতে শ্রমজীবী নারীরা দীর্ঘদিন ধরে পরিবার, সমাজ ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের এই অবদানকে হেয় করে প্রকাশ্যে এমন বক্তব্য দেওয়া সংবিধানস্বীকৃত সমতা, মানবাধিকার, নারী মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের পরিপন্থি।

তারা আরও বলেন, এ ধরনের মন্তব্য নারীর প্রতি ঘৃণা, বৈষম্য ও সহিংসতার সংস্কৃতিকে উসকে দেয় এবং নারী শ্রমিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশকে ঝুঁকির মুখে ফেলে। একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

আবেদনে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো-অবিলম্বে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার, কর্মজীবী নারী ও নারী শ্রমিকদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, ভবিষ্যতে নারীর মর্যাদা ও শ্রম অবমাননা করে কোনো বক্তব্য না দেওয়ার অঙ্গীকার এবং নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল।

এ সময় সিইসির সঙ্গে বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, এনপিএ মুখপাত্র ফেরদৌস আরা রুমী, নারীর রাজনৈতিক অধিকার ফোরামের সংগঠক নাফিসা রায়হানা এবং আইনজীবী ও অধিকারকর্মী তাবাসসুম মেহেনাজ মিমিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন বলেছেন, ম্যানিজিং কমিটিতে অর্ধশিক্ষিত নয় বরং শিক্ষাক্ষেত্রে যাদের অবদান আছে তাদের নিয়েই কমিটি করার চিন্তাভাবনা চলছে। এরমধ্যে অর্ধশিক্ষিত লোকজন দিয়ে কমিটি গঠনের যে তথ্য প্রচার হয়েছে তা অসম্পূর্ণ এবং বিকৃত।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে চাঁদপুরের কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও প্রতিবন্ধী মানুষের মধ্যে হুইল চেয়ার বিতরণ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সারা দেশের আগে কচুয়াকে শিক্ষার রোল মডেল করতে চাই। এখান থেকেই সারা দেশে তা ছড়িয়ে দেওয়া হবে। কারণ আগে নিজের ঘর ঠিক করতে হবে। শিক্ষার মান উন্নয়নে সরকার ধাপে ধাপে কাজ করছে।’

তিনি আরও বলেন, পুরনো পদ্ধতিতে এসএসসি পরীক্ষা নয়, নতুন এবং যুগোপযোগী বাস্তবসম্মত নিয়মে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া সাংবাদিকদের উদ্দেশ্যে মিলন বলেন, আপনারা প্রকৃত সত্য তুলে ধরুন। কোনো বক্তব্য খন্ডিতভাবে নয়।

তাছাড়া আগামীদিনে পরীক্ষার হলে পরীক্ষার্থী, ইনভিজিলেটর এবং যারা পর্যবেক্ষক হবেন তাদের একটা নিয়মের মধ্যে নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

বাড়িতে বসেই দিতেন বিভিন্ন দেশের ভিসা, অবশেষে ধরা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
বাড়িতে বসেই দিতেন বিভিন্ন দেশের ভিসা, অবশেষে ধরা

নীলফামারীতে নিজ বাড়িতে বসেই দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা করার অভিযোগে মমিজুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত যুবক কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল কুঠিপাড়া গ্রামের নুর হোসনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মমিজুল ইসলাম দীর্ঘ ধরে বাড়িতে বসে মানুষকে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা করে আসছেন৷ গতকাল (বৃহস্পতিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ সময়ে প্রতারক মমিজুলের বাসা থেকে বিভিন্ন দেশের জাল টাকা, জাল ভিসা ও মোবাইলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান গণমাধ্যমে বলেন, গতকাল (বৃহস্পতিবার) তাকে গ্রেপ্তার করে হয়েছে। আজকে (শুক্রবার) তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন: রেলমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন: রেলমন্ত্রী

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৫ মার্চ থেকে সারা দেশে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে এবং তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সড়ক ও সেতু, রেল এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার (১৩ মার্চ) সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, জ্বালানিমন্ত্রী তাকে এই বিষয়ে পূর্ণ আশ্বাস দিয়েছেন, যার ফলে জ্বালানি সংকটের কারণে পরিবহনের সংকট বা ভাড়া বাড়ার কোনো সম্ভাবনা নেই। ঘরমুখী মানুষের ঈদযাত্রা এখন পর্যন্ত স্বস্তিদায়ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে মন্ত্রী জানান, ৩ মার্চ থেকে শুরু হওয়া টিকিট বিক্রিতে যাত্রীদের ব্যাপক চাপ ছিল। প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করলেও সক্ষমতা অনুযায়ী দৈনিক ৩৬ হাজার টিকিট বিক্রি করা সম্ভব হয়েছে। রেলের সেবার মান নিয়ে যাত্রীদের উদ্বেগের বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেন, বর্তমান মান যেকোনো মূল্যে ধরে রাখা হবে এবং ভবিষ্যতে এটি আরও উন্নত করা হবে।

শেখ রবিউল আলম উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রেল যোগাযোগকে আধুনিক ও জনবান্ধব করতে আমূল পরিবর্তনের কাজ চলছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ইতিমধ্যে রেলে ১২৪টি অতিরিক্ত কোচ এবং পাঁচ জোড়া বিশেষ ট্রেন যুক্ত করা হয়েছে, যা প্রতিদিন ৪২ হাজার পর্যন্ত যাত্রীকে সেবা দিতে সক্ষম হবে।

ট্রেনের সময়সূচি বা শিডিউল বজায় রাখার বিষয়ে মন্ত্রী জানান যে, বড় কোনো বিপর্যয় এড়াতে বর্তমানে ৭৮টি লোকোমোটিভ বা ইঞ্জিন যুক্ত করা হয়েছে এবং আগামী দু-এক দিনের মধ্যে এই সংখ্যা আরও বাড়বে।

রেলের ছাদে যাতায়াতের প্রবণতা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, শতভাগ নিশ্চিত করা কঠিন হলেও কেউ যেন ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত না করে সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চলছে। ঢাকা ছেড়ে যাওয়া প্রায় দেড় কোটি মানুষের বিশাল চাপ সামলানো বড় চ্যালেঞ্জ হলেও পরিবহন ব্যবস্থার সক্ষমতা বাড়াতে নতুন কোচ ও বাস যুক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে।

নিরাপত্তা ও সড়ক ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী জানান যে, ঈদযাত্রা নিরাপদ রাখতে পুলিশ, আনসার ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। প্রতি ৫০০ মিটার পরপর স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে শৃঙ্খলা বজায় রাখার জন্য।

এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কে ছয় লেনের কাজ চললেও অন্তত দুটি লেন সচল রাখা হয়েছে যাতে যান চলাচল পুরোপুরি বন্ধ না হয়ে যায়। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত সামাল দিতে প্রশাসন প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি সংকটের সময় যাত্রীদের কিছুটা ধৈর্য ও সহযোগিতা প্রদর্শনের অনুরোধ জানিয়েছেন।

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী বাড়িতে বসেই দিতেন বিভিন্ন দেশের ভিসা, অবশেষে ধরা ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন: রেলমন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমীর