ইউপি চেয়ারম্যান থেকে সংসদ সদস্য আব্দুল আজিজ

অনলাইন নিউজ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৪৭ পিএম
ইউপি চেয়ারম্যান থেকে সংসদ সদস্য আব্দুল আজিজ

কৃষক পরিবারে জন্ম নেওয়া আব্দুল আজিজ দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম পেরিয়ে এবার জাতীয় সংসদে পৌঁছেছেন। তৃণমূল রাজনীতি থেকে সংসদ সদস্য হওয়ার এ যাত্রাকে স্থানীয়রা আস্থা, গ্রহণযোগ্যতা ও ধারাবাহিক জনসম্পৃক্ততার প্রতিফলন হিসেবে দেখছেন।

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের মৃতঃ তামেজ উদ্দিনের ছেলে মোঃ আব্দুল আজিজ।

১৯৮৬ সালে মাত্র ২৫ বছর বয়সে ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু। এরপর টানা ৩ বার ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে ইউনিয়নের নেতৃত্ব দেন তিনি। অবকাঠামো উন্নয়ন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং স্থানীয় সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রেখে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

২০১৪ সালে বিপুল ভোটে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নের গণ্ডি পেরিয়ে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে পুরো উপজেলায়। গুরুদাসপুরের পাশাপাশি বড়াইগ্রামেও দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে গ্রহণ যোগ্যতা লাভ করেন তিনি।

২০১৮ সালে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলেও তার পদত্যাগ পত্র গৃহীত না হওয়ার অজুহাতে মনোনয়ন পত্র বাতিল করা হয়। রাজনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও তিনি থেমে যাননি। দীর্ঘ সময় ধরে গণসংযোগ, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে মানুষের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করেন।

২০২২ সালের ৪ ফেব্রুয়ারি হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার শিকার হন আব্দুল আজিজ। নৃশংস সেই হামলার পরও রাজনৈতিক হয়রানি ও ঝুঁকি উপেক্ষা করে তিনি রাজনীতির ময়দান ছাড়েননি।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে বেসরকারিভাবে ৩৫ হাজার ৬৫৮ ভোটের ব্যবধানে বিজয়ী হন আব্দুল আজিজ। তিনি মোট ১ লাখ ৭০ হাজার ৫৫১ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম পান ১ লাখ ৩৫ হাজার ৩৮৬ ভোট।

বিজয়ের পর আব্দুল আজিজ বলেন, ‘এ বিজয় দুই উপজেলাবাসীর। এ বিজয় বিএনপির তারেক রহমানের। নেতাকর্মী ও সাধারণ ভোটাররা যেভাবে আমার পাশে ছিলেন- আগামী দিনেও পাশে থাকলে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব, ইনশাআল্লাহ।’

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...