ধানমন্ডি-৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি শিক্ষকসহ আটক ৫
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাসভবনে শ্রদ্ধা জানাতে গিয়ে স্থানীয়দের হাতে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৫ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।
তিনি জানান, ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি। মূলত কয়েকজন সেখানে শ্রদ্ধা জানাতে গেলে স্থানীয় জনতা তাদের আটকে রাখে। তারা যাতে কোনো ধরনের হেনস্তার শিকার না হন, সেজন্য পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এবং পরে নিরাপদ দূরত্বে পৌঁছে দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এর আগে বিকেলে ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে স্থানীয়দের রোষানলে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন ও এক নারীসহ মোট পাঁচজন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সদস্যদের সেখান থেকে তাদের নিয়ে যেতে দেখা যায়।
সে সময়ে ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেছিলেন, ‘ছাত্রলীগ পরিচয় দেওয়া তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ধানমন্ডি-৩২ এ স্থানীয় লোকজন তাদের মারধর করছিল। তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে।’
উল্লেখ্য, এদিন সকালে অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন তার ফেসবুক পেজে এক পোস্টে লিখেছিলেন, ‘ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল ৪ টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।’




আপনার মতামত লিখুন