ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনা ‘অস্পষ্ট ও অসম্পূর্ণ’: ট্রাম্প প্রশাসনের সমালোচনায় মার্কিন সিনেটর
ইরানকে ঘিরে ট্রাম্প প্রশাসনের যুদ্ধ পরিকল্পনাকে ‘অসংগত ও অসম্পূর্ণ’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এই সংঘাত শেষ পর্যন্ত একটি দীর্ঘস্থায়ী বা ‘অন্তহীন যুদ্ধে’ রূপ নিতে পারে। খবর সিএনএনের
মঙ্গলবার (১০ মার্চ) ক্যাপিটল হিলে প্রায় দুই ঘণ্টার একটি গোপন ব্রিফিংয়ে অংশ নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। কানেকটিকাট অঙ্গরাজ্যের এই সিনেটর বলেন, সব ব্রিফিংই বন্ধ দরজার আড়ালে করা হচ্ছে, কারণ ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে এই যুদ্ধের পরিকল্পনা ব্যাখ্যা করতে পারছে না।
মারফি জানান, গোপন তথ্য প্রকাশ করা সম্ভব নয়, তবে ব্রিফিং থেকে পাওয়া কয়েকটি বিষয় নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার দাবি, যুদ্ধের ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার বিষয়টি নেই। অথচ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার এটিকে প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন।
সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশনস ও ফরেন রিলেশনস কমিটির সদস্য মারফি আরও বলেন, ব্রিফিংয়ে জানানো হয়েছে- ইরানে সরকার পরিবর্তনও এই যুদ্ধের প্রধান লক্ষ্য নয়। তার মতে, এই যুদ্ধে শত শত বিলিয়ন ডলার ব্যয় হবে, বহু মার্কিন নাগরিকের প্রাণহানি ঘটবে, অথচ শেষ পর্যন্ত হয়তো আরও কঠোর এবং আরও বেশি যুক্তরাষ্ট্রবিরোধী একটি সরকারই ক্ষমতায় থাকবে।’
এদিকে হরমুজ প্রণালী নিয়ে সরকারের পরিকল্পনাও তাকে সন্তুষ্ট করতে পারেনি বলে জানান মারফি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি রুট বর্তমানে কার্যত ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।
মারফির দাবি, হরমুজ প্রণালী পুনরায় নিরাপদভাবে চালু করার বিষয়ে প্রশাসনের কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। তিনি বলেন, ইরান কীভাবে প্রণালীটিকে অচল করতে পারে সে বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়, তবে এটুকু বলা যায়— এ মুহূর্তে এটি আবার নিরাপদভাবে চালু করার উপায় তাদের জানা নেই।
এর আগে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইরান সমুদ্র মাইন বসানো শুরু করেছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ওই এলাকায় ইরানের ১৬টি মাইন বসানোর নৌযান ধ্বংস করা হয়েছে।
এদিকে যুদ্ধ নিয়ে জনসম্মুখে শুনানির দাবি তুলেছেন বেশ কয়েকজন ডেমোক্র্যাট সিনেটর। তাদের মতে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ সম্পর্কে জনগণের সামনে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।






আপনার মতামত লিখুন