খুঁজুন

ধর্মীয় স্বাধীনতা-বিষয়ক মার্কিন প্রতিবেদন

ভারতের কট্টরপন্থী আরএসএস ও গোয়েন্দা সংস্থা “র” এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
ভারতের কট্টরপন্থী আরএসএস ও গোয়েন্দা সংস্থা “র” এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ

ভারতে ধর্মীয় স্বাধীনতা খর্ব ও লঙ্ঘনের অভিযোগে কট্টরপন্থী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং ভারতের গোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’(র)-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)।

সংস্থাটি ২০২৫ সালে বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি নিয়ে গত ৪ মার্চ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে ভারতের ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতির অবনতি তুলে ধরে এই সুপারিশ করা হয়। প্রতিবেদনটির শিরোনাম ‘ইউএসসিআইআরএফ-এর ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন: প্রধান দেশগুলোতে ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘন উন্মোচন’।

প্রকাশিত প্রতিবেদনে ভারতকে ‘বিশেষ উদ্বেগজনক দেশ’ (CPC) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৫ সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি আরও অবনতি হয়েছে এবং সরকার ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে বৈষম্যমূলক আইন প্রয়োগ করছে। শুধু তাই নয়, ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়গুলোকে লক্ষ্যবস্তু (টার্গেট) করার জন্য ভারত সরকারকেই দায়ী করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে ভারত সরকার ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের উপাসনালয়কে লক্ষ্য করে নতুন আইন প্রণয়ন ও প্রয়োগ করেছে। বেশ কয়েকটি রাজ্যে কারাদণ্ডসহ ধর্মান্তরবিরোধী আইন চালু বা কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ নাগরিক ও ধর্মীয় শরণার্থীদের আটক এবং বেআইনিভাবে বহিষ্কার করার প্রক্রিয়া সহজ করেছে। নজরদারির নামে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সারা বছর ভারতের বিভিন্ন রাজ্যে হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো মুসলিম ও খ্রিষ্টানদের হয়রানি, উসকানি ও তাদের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছে। মহারাষ্ট্রসহ বিভিন্ন প্রদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, গত মার্চে মহারাষ্ট্রে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) সপ্তদশ শতাব্দীর মুঘল শাসক আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবি জানালে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরবর্তী দাঙ্গায় কয়েক ডজন মানুষ আহত হন।

জুনে ওড়িশায় ভিএইচপি-র নেতৃত্বে অন্তত ২০টি মুসলিমবিরোধী প্রতিবাদ সমাবেশ ও সহিংসতায় আটজন আহত হন। অভিযোগ রয়েছে, সে সময় পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এছাড়া এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার জের ধরে পাঁচ দিনব্যাপী ভারত-পাকিস্তান উত্তজনা সৃষ্টি হয়। এরপর কর্ণাটক ও উত্তর প্রদেশেও মুসলিমবিরোধী অপরাধের অভিযোগ ওঠে। উত্তরাখণ্ডে একটি হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীর সদস্যরা এক মুসলিম রেস্তোরাঁ মালিককে গুলি করে হত্যা করে বলে অভিযোগ রয়েছে; অথচ রাজ্য পুলিশ উল্টো ওই রেস্তোরাঁটিই বাজেয়াপ্ত করে।

প্রতিবেদনে আরও বলা হয়, হামলার পর ভারত সরকার ‘অবৈধ’ অভিবাসী হিসেবে বিবেচিত ধর্মীয় সংখ্যালঘুদের দেশ থেকে বের করে দেওয়ার ন্যায্যতা তৈরি করে। গত মে মাসে সরকার ১৫ জন খ্রিষ্টানসহ ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে গ্রেপ্তার করে। তাদের মিয়ানমার উপকূলে নিয়ে গিয়ে লাইফজ্যাকেট ছাড়াই সাঁতরে চলে যেতে বাধ্য করা হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও জুলাই মাসে আসাম থেকে শত শত বাংলাভাষী মুসলিমকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। বিজেপি নেতারা তাদের ‘অনুপ্রবেশকারী’ বলে অভিহিত করেন।

সেপ্টেম্বরে ‘ফরেনার্স অ্যাক্ট’ বা বিদেশি আইনের নতুন বিধিতে ট্রাইব্যুনালের ক্ষমতা বাড়ানো হয়েছে। এর ফলে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই সন্দেহভাজন ‘বিদেশিদের’ গ্রেপ্তার ও আটকের ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া সরকার ওয়াকফ সম্পত্তির নিয়ন্ত্রণও নিজের হাতে নেওয়ার চেষ্টা করছে। মে মাসে সংসদে ‘ওয়াকফ বিল’ পাস করা হয়। নতুন বিলে মসজিদ, মাদরাসা ও কবরস্থানের মতো ধর্মীয় সম্পত্তির পরিচালনা পর্ষদে অমুসলিমদের অন্তর্ভুক্ত করার বিধান রাখা হয়।

পশ্চিমবঙ্গে এর প্রতিবাদে সহিংসতায় তিনজন নিহত হন। পরে সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট মূল বিধানগুলো স্থগিত করে ফেডারেল পর্ষদে অমুসলিম সদস্য সংখ্যা সীমিত করার নির্দেশ দেয়। একই মাসে উত্তরাখণ্ডে ‘সংখ্যালঘু শিক্ষা রাজ্য কর্তৃপক্ষ’ (ইউএসএএমই) আইন পাস করে মাদরাসা বোর্ড বিলুপ্ত করা হয় এবং সব সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজ্যের নিয়ন্ত্রণে আনা হয়।

কমিশন তাদের সুপারিশে ট্রাম্প প্রশাসনকে বলেছে, ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে চিহ্নিত করতে এবং এই বিষয়টিকে অস্ত্র বিক্রি ও বাণিজ্য নীতির সঙ্গে যুক্ত করতে। সংস্থাটি টানা সাতবার ভারতকে এই তালিকায় রাখার সুপারিশ করল।

এই তালিকায় ভারত ছাড়াও চীন, পাকিস্তান, উত্তর কোরিয়া ও রাশিয়ার মতো ১৮টি দেশের নাম রয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের এই কমিশন একটি স্বাধীন ও স্বশাসিত সরকারি সংস্থা। তারা বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় স্বাধীনতা পর্যবেক্ষণ করে মার্কিন সরকারকে নীতি নির্ধারণে সুপারিশ করে। তবে এই সুপারিশ মানা বাধ্যতামূলক নয়।

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু