খুঁজুন

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৯:২৪ অপরাহ্ণ
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভ

কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। শনিবার (৫ অক্টোবর) এই বিক্ষোভ মোকাবিলায় পুলিশ শহরের রাস্তাঘাট বন্ধ করে, মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে এবং টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের দমনের চেষ্টা করে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দাবি করেছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের নেতা আলী আমিন গান্দাপুরকে ‘অপহরণ করে অবৈধভাবে আটক’ করা হয়েছে। তবে তার এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

গান্দাপুর শুক্রবার রাতে ইসলামাবাদ-পেশোয়ার হাইওয়েতে কয়েক হাজার বিক্ষোভকারীর নেতৃত্ব দেন। পুলিশ তাদের শহরে প্রবেশ ঠেকানোর জন্য টিয়ারগ্যাস ব্যবহার করে।

পিটিআই বলছে, ইসলামাবাদে একদিনের জন্য বিক্ষোভ হলেও দেশের অন্যান্য অঞ্চলে দলটি বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। লাহোরেও শনিবার বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন সড়ক অবরোধ করা হয়।

ইমরান খান সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, আমি আমাদের সব সমর্থকের ওপর অত্যন্ত গর্বিত।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেছেন, বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৮০ জনের বেশি পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পিটিআই’কে পরামর্শ দিয়েছিলাম, তারা যেন কূটনৈতিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের জমায়েত না করে। উল্লেখ্য, ১৫-১৬ অক্টোবর ইসলামাবাদে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন চীন, রাশিয়া এবং ভারতের প্রতিনিধিরাও।

নাকভি সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীরা এসসিও সম্মেলন ব্যাহত করার পরিকল্পনা করেছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। তিনি বলেন, আমরা তা কোনোভাবেই হতে দিতে পারি না। আমি আবারও বলছি, তারা যেন আর কোন লাল রেখা অতিক্রম না করে, অন্যথায় কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।

তথ্যসূত্র: আল-জাজিরা।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

রাজধানীর তেজগাঁও এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ যৌথভাবে গত রাতে অবৈধ চার্জিং ও বিদ্যুৎ ব্যবহার বন্ধে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উত্তেজনা তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার রফিকুল আলম জানান, গত রাতে অবৈধ বিদ্যুতের মাধ্যমে অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছে এমন অভিযোগে সিটি করপোরেশনের সঙ্গে পুলিশ যৌথ অভিযানে নামে। এক পর্যায়ে কিছু ব্যক্তি উত্তেজনা তৈরি করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তিনি আরও জানান, অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে অটোরিকশা চার্জের স্থানগুলো বিদ্যুৎ বিভাগের লোকজন কেটে দেয়।

৩ জেলার ডিসি প্রত্যাহার

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
৩ জেলার ডিসি প্রত্যাহার

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে এই চার কর্মকর্তাকে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রাত পৌনে ১২টায় কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, “উনি একটু আগে মারা গেছেন। আপাতত আমরা শুধু এতটুকু তথ্যই দিতে পারি।”

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, “রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।”

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা ৩ জেলার ডিসি প্রত্যাহার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন "সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন" প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ'র বৃক্ষ রোপন কর্মসূচি তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক