এবার যিশু খ্রিস্টের বেশে নিজের ছবি শেয়ার করলেন ট্রাম্প!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে যিশু খ্রিস্টের আদলে নিজের একটি এআই-নির্ভর ছবি প্রকাশ করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। পোপ লিও-র সমালোচনার পরই এই পোস্টটি সামনে আসে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (১৩ এপ্রিল) নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এ কোনো ব্যাখ্যা ছাড়াই ছবিটি শেয়ার করেন ট্রাম্প। এর আগে ইরান যুদ্ধ নিয়ে কড়া মন্তব্য করে পোপ বলেছিলেন, যারা যুদ্ধ শুরু করে তাদের হাত রক্তে রঞ্জিত থাকে এবং ঈশ্বর তাদের প্রার্থনা গ্রহণ করেন না। এই মন্তব্যের প্রতিক্রিয়াতেই ট্রাম্পের এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
ট্রাম্প তার পোস্টে পোপকে ‘অপরাধ দমনে দুর্বল’ ও ‘পররাষ্ট্রনীতিতে ব্যর্থ’ বলে সমালোচনা করেন। এমনকি তিনি দাবি করেন, তিনি ক্ষমতায় না থাকলে পোপের পক্ষে ভ্যাটিকানে টিকে থাকা কঠিন হতো। তবে এই পোস্ট ঘিরে তার সমর্থকদের মধ্যেও ভিন্নমত দেখা গেছে; কেউ কেউ ছবিটি সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এর আগেও ট্রাম্প বিভিন্ন জনপ্রিয় সিনেমা বা চরিত্রের আদলে এআই ছবি প্রকাশ করেছিলেন, যা প্রায়ই আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনেও তিনি সরাসরি জানান, পোপের কর্মকাণ্ডে তিনি সন্তুষ্ট নন এবং অভিযোগ করেন, পোপ ইরানের পারমাণবিক ইস্যু ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অপরাধ নিয়ে নরম অবস্থান নিচ্ছেন—যদিও এ অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।
অন্যদিকে পোপ সংবাদমাধ্যমকে জানান, ট্রাম্প প্রশাসনের মন্তব্যে তিনি বিচলিত নন। তার বক্তব্য, শান্তির আহ্বান কেবল ধর্মীয় শিক্ষার ভিত্তিতেই দেওয়া হয়েছে এবং তিনি রাজনৈতিক বিতর্কে জড়াতে চান না। একই সঙ্গে ধর্মীয় প্রতীকের অপব্যবহার না করার কথাও উল্লেখ করেন তিনি।
ইরানকে ঘিরে বৈশ্বিক উত্তেজনার মধ্যেই এই বাকযুদ্ধ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে পোপ শান্তির বার্তা দিচ্ছেন, অন্যদিকে ট্রাম্পের কড়া অবস্থান ও বিতর্কিত পোস্ট পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে।
এদিকে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় বৈশ্বিক অস্থিরতাও বেড়েছে, যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
সূত্র: স্কাই নিউজ




আপনার মতামত লিখুন