খুঁজুন

পরীক্ষায় নকল করতে ব্যবহার হচ্ছে এআই চশমা, শিক্ষায় বাড়ছে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
পরীক্ষায় নকল করতে ব্যবহার হচ্ছে এআই চশমা, শিক্ষায় বাড়ছে উদ্বেগ

পরীক্ষায় নকলের কৌশল নতুন নয়। কখনো সহপাঠীর খাতা দেখে, কখনো হাতের তালু বা ছোট কাগজে উত্তর লিখে শিক্ষার্থীরা নকল করার চেষ্টা করেছে। তবে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এবার পরীক্ষায় নকলের নতুন হাতিয়ার হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত স্মার্ট চশমা।

বিশেষ করে পূর্ব এশিয়ার দেশগুলোতে, যেখানে একটি পরীক্ষার ফলাফল শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষা, চাকরি ও সামাজিক অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেখানে বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় ইংরেজি দক্ষতা যাচাইয়ের একটি পরীক্ষায় দুই পরীক্ষার্থী স্মার্ট চশমা ব্যবহার করে নকল করতে গিয়ে ধরা পড়েন। এই পরীক্ষার ফলাফল দেশটিতে চাকরি নিয়োগের ক্ষেত্রেও ব্যবহৃত হয়।

অন্যদিকে তাইওয়ানে একটি শীর্ষ মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীও স্মার্ট চশমা ব্যবহার করতে গিয়ে ধরা পড়েন। পরীক্ষকরা লক্ষ্য করেন, ওই শিক্ষার্থী অস্বাভাবিকভাবে প্রশ্নপত্রের দিকে তাকিয়ে আছে। পরে চশমার ফ্রেম থেকে তাপ নির্গত হতে দেখে সন্দেহ হলে বিষয়টি প্রকাশ পায়।

বিশেষজ্ঞরা বলছেন, স্মার্ট চশমা দিয়ে নকলের ঘটনা নতুন নয়। তবে এআই প্রযুক্তি যুক্ত হওয়ার ফলে এসব ডিভাইস এখন আরও উন্নত, সহজলভ্য এবং ব্যবহারে সুবিধাজনক হয়ে উঠেছে।

চীনের সাম্প্রতিক জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, যেখানে প্রতি বছর এক কোটিরও বেশি শিক্ষার্থী অংশ নেয়, পরীক্ষার্থীদের ব্যবহৃত সব ধরনের চশমা বিশেষভাবে পরীক্ষা করা হয়েছে। একইভাবে যুক্তরাজ্যেও পরীক্ষায় এআই চশমা ও স্মার্ট ডিভাইস ব্যবহারের ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার কলেজ ভর্তি পরীক্ষা পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছে, এআই চশমার মাধ্যমে নকল ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে নতুন পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। যদিও পরীক্ষার হলে আগে থেকেই সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ।

নীরবে বাড়ছে ঝুঁকি:

অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের গবেষক টমাস করবিনের মতে, যে কয়েকটি ঘটনা প্রকাশ্যে এসেছে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি ঘটনা হয়তো ধরা পড়ছে না।

তিনি বলেন, যদি কয়েকটি ঘটনা সামনে আসে, তাহলে আরও অনেক ঘটনা নিশ্চয়ই ঘটছে যা রিপোর্ট করা হচ্ছে না।

বিশেষজ্ঞদের মতে, নতুন প্রজন্মের এআই চশমা আগের তুলনায় অনেক ছোট ও কম চোখে পড়ার মতো। একই সঙ্গে এসব ডিভাইসে এমন এআই মডেল যুক্ত হচ্ছে, যা স্বয়ংক্রিয়ভাবে প্রশ্ন বিশ্লেষণ করে উত্তর দিতে সক্ষম।

পরীক্ষায় শীর্ষ ফলও সম্ভব:

হংকং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মেং জিলি ও তার সহকর্মীরা একটি পরীক্ষামূলক গবেষণায় দেখেছেন, বাণিজ্যিকভাবে পাওয়া এআই চশমা ব্যবহার করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের পরীক্ষায় খুব ভালো ফল করা সম্ভব।

গবেষণায় দেখা যায়, পরীক্ষার্থী শুধু প্রশ্নপত্রের দিকে তাকালেই চশমা প্রশ্নটি এআই সিস্টেমে পাঠায়। এরপর এআই উত্তর তৈরি করে চশমার লেন্সে প্রদর্শন করে।

এই পদ্ধতিতে পাওয়া নম্বর ১০০ জনের বেশি শিক্ষার্থীর একটি শ্রেণির শীর্ষ পাঁচজনের মধ্যে জায়গা করে নেয়। যেখানে শ্রেণির গড় নম্বর ছিল ৭২।

মেং জিলি বলেন, এখন প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থীদের কতটা মুখস্থ জ্ঞান প্রয়োজন, আর কতটা এআই ব্যবহার করার সুযোগ দেওয়া উচিত।

শিক্ষা ব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ:

গবেষকদের মতে, এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মেলাতে শিক্ষা ব্যবস্থা হিমশিম খাচ্ছে। শুধু নকল ঠেকানো নয়, কীভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে, সেটিও নতুন করে ভাবতে হবে।

তবে বিশেষজ্ঞরা এআই ব্যবহারের বিপক্ষে নন। বরং তারা মনে করেন, শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিশ্লেষণী ক্ষমতা ও স্বতন্ত্র সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়ানোর দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

সূত্র: সিএনএন

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু