অটোরিকশায় তুলে গরু চুরির চেষ্টা, দুই নারী আটক
চট্টগ্রামের পটিয়ায় দিনদুপুরে সিএনজিচালিত অটোরিকশায় তুলে গরু চুরির চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করেছেন স্থানীয় লোকজন। ঘটনাস্থল থেকে গরু চুরির কাজে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অটোরিকশার চালকসহ আরও দুজন পালিয়ে যান।
আটক দুই নারী হলেন পারভিন আক্তার (৪৫) ও শাহানা আক্তার (৪০)। পারভিনের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায় এবং শাহানার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।
গরুর মালিক বিজয় মল্লিক জানান, প্রতিবেশীর মাধ্যমে তিনি জানতে পারেন, তার গরুটি সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে স্থানীয় লোকজনের সঙ্গে ধাওয়া করে উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের খানমোহনা বেলতল এলাকায় গরুসহ দুজনকে আটক করা হয়।
স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবু বক্কর বলেন, চুরির অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ সময় অটোরিকশার চালকসহ আরও দুজন পালিয়ে যান।
এদিকে ধলঘাট ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা কুমকুম দে জানান, তিন দিন আগে তার তিনটি গরু চুরি হয়েছে। আটক দুই নারী সম্পর্কে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। ওই নারীরা তার গরু চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। চুরি হওয়া গরুগুলো ফেরত পাওয়ার দাবি জানান তিনি।
ঘটনাস্থলে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, স্থানীয় লোকজনের সহযোগিতায় দুই নারীকে আটক করা হয়েছে। চুরির কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। উদ্ধার করা গরুটি মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা তদন্ত করে বের করা হবে।

