নাগরপুরে বখাটে শিক্ষার্থীর হাতে শিক্ষিকা লাঞ্ছিতের অভিযোগ

নিউজ ডেস্ক
১৬ অক্টোবর ২০২৬ ১২:১৫ পিএম
নাগরপুরে বখাটে শিক্ষার্থীর হাতে শিক্ষিকা লাঞ্ছিতের অভিযোগ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পচাসারুটিয়া মেহের আলী খান স্কুল অ্যান্ড কলেজের এক সহকারী শিক্ষিকাকে বখাটে শিক্ষার্থীর হাতে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

বুধবার যথারীতি দশম শ্রেণির ষষ্ঠ ঘণ্টায় বাংলা বিষয়ে ক্লাস নিতে যান সহকারী শিক্ষিকা রিমা রানী পাল। এ সময় ওই শ্রেণির শিক্ষার্থী ইব্রাহিম খলিল ক্লাস চলাকালে অতিরিক্ত কথা বলতে থাকে। শিক্ষিকা তাকে কথা বলতে নিষেধ করায় সে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে এবং একপর্যায়ে তার গায়ে হাত তোলে। এ ঘটনায় সহকারী শিক্ষিকা রিমা রানী পাল ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, পচাসারুটিয়া মেহের আলী খান স্কুল অ্যান্ড কলেজের চারতলা একাডেমিক ভবনে অন্যান্য দিনের মতোই শ্রেণি কার্যক্রম চলছিল। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিমা রানী পাল দশম শ্রেণির শিক্ষার্থী ইব্রাহিম খলিলকে কথা বলতে নিষেধ করলে সে শিক্ষিকার ওপর চড়াও হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এ ঘটনার পর বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শ্রেণিকক্ষে একজন নারী শিক্ষককে শিক্ষার্থীর লাঞ্ছিত করার মতো ন্যক্কারজনক ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য রাগবীর হোসেন বলেন, ‘ঘটনাটি শোনার পর আমি আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাহেবের সঙ্গে কথা বলেছি। সভাপতির সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভুক্তভোগী শিক্ষিকা রিমা রানী পাল বলেন, ‘দশম শ্রেণির বাংলা ক্লাস চলাকালে শিক্ষার্থী ইব্রাহিম খলিল অতিরিক্ত কথা বলতে থাকলে আমি তাকে নিষেধ করি। এতে ওই ছাত্র আমার ওপর আঘাত করে। এ ব্যাপারে আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছি।’

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘দশম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে আমার সহকারী শিক্ষিকা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমি সভাপতি মহোদয়কে অবহিত করেছি। সবাই মিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...