খুঁজুন

টিউশনি করে ওষুধ কিনছেন গলায় গুলিবিদ্ধ শাহীন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ণ
টিউশনি করে ওষুধ কিনছেন গলায় গুলিবিদ্ধ শাহীন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন ফেনীর সোনাগাজী উপজেলার মাদ্রাসাছাত্র আবুল হাসান শাহীন (২১)। আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন ৪ আগস্ট আওয়ামী লীগ নেতা-কর্মীদের গুলিতে আহত হন শাহীন। একটি ছররা গুলি বিদ্ধ হয় তাঁর গলায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েও সেই গুলি বের করা সম্ভব হয়নি। দরিদ্র বাবা তাঁর চিকিৎসাও করাতে পারছেন না। তাই টিউশনির টাকায় সামান্য কিছু ওষুধ কিনে শুধু যন্ত্রণা কমানোর চেষ্টা করছেন শাহীন। মাদ্রাসার এই ছাত্রের সঙ্গে দুশ্চিন্তায় রয়েছে পুরো পরিবার।

শাহীন উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের ফল ব্যবসায়ী এনায়েত উল্যাহর ছেলে। তিনি ফেনী আলিয়া মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী। গলায় গুলি নিয়েই তিনি ফাজিল প্রথম বর্ষের পরীক্ষায় অংশ নিয়েছেন।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, গত ৪ আগস্ট দুপুরে শাহীন মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন। তাঁরা ছিলেন মহিপাল উড়ালসড়কের পশ্চিম পাশে। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ফেনী শহরের ট্রাংক রোড থেকে গিয়ে মিছিলে এলোপাতাড়ি গুলি চালান। এতে আবুল হাসানসহ ৫০ জনের বেশি ছাত্র-জনতা গুলিবিদ্ধ হন। এ ঘটনায় এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১৩ জন।

অন্য আন্দোলনকারীরা শাহীনসহ গুলিবিদ্ধ অন্যদের উদ্ধার করে ফেনীর বিভিন্ন হাসপাতালে নেন। শাহীনকে নেওয়া হয় ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে দুদিন চিকিৎসার পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন, আবুল হাসানের গলার গুলিটি এ মুহূর্তে বের করতে গেলে অন্য রগ কাটতে হবে। এতে তাঁর বড় ধরনের সমস্যা হতে পারে। তাই উন্নত চিকিৎসার জন্য বেসরকারি কোনো হাসপাতালে নিতে বলেন। কিন্তু টাকার অভাবে এনায়েত উল্যাহ ছেলেকে নিয়ে বাড়ি চলে যান। অর্থের অভাবে গুলি বের করতে না পারায় অসহায়ত্ব প্রকাশ করেন তিনি।

এনায়েত উল্যাহ বলেন, ‘আমার পাঁচ ছেলে। আবুল হাসান তৃতীয়। সামান্য ফলের দোকান করে সবার খাবার জোগাড় করা অনেক কষ্টের। কী করব বুঝতে পারছি না। চিকিৎসা দিয়ে গুলি বের করা দরকার। কিন্তু এত টাকা কোথায় পাব? ছেলে টিউশনি করে নিজের ওষুধের খরচ কোনোরকমে চালাচ্ছে।’

শাহীন বলেন, ‘গলায় গুলি থাকায় সব সময় কাঁধে যন্ত্রণা হয়। শুয়ে পড়লে গলার নিচে ব্যথা হয়। টাকার অভাবে ভালো চিকিৎসা করাতে পারছি না। অনেক হাসপাতালে গিয়েছি। কোনো হাসপাতালে গুলি বের করার যন্ত্রপাতি নেই, আবার কোথাও চিকিৎসক নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের তালিকা করা হয়েছে। নিহতদের পরিবারের পাশাপাশি আহতদেরও পর্যায়ক্রমে চিকিৎসাসহ সহায়তা করা হবে।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

রাজধানীর তেজগাঁও এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ যৌথভাবে গত রাতে অবৈধ চার্জিং ও বিদ্যুৎ ব্যবহার বন্ধে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উত্তেজনা তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার রফিকুল আলম জানান, গত রাতে অবৈধ বিদ্যুতের মাধ্যমে অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছে এমন অভিযোগে সিটি করপোরেশনের সঙ্গে পুলিশ যৌথ অভিযানে নামে। এক পর্যায়ে কিছু ব্যক্তি উত্তেজনা তৈরি করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তিনি আরও জানান, অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে অটোরিকশা চার্জের স্থানগুলো বিদ্যুৎ বিভাগের লোকজন কেটে দেয়।

৩ জেলার ডিসি প্রত্যাহার

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
৩ জেলার ডিসি প্রত্যাহার

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে এই চার কর্মকর্তাকে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রাত পৌনে ১২টায় কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, “উনি একটু আগে মারা গেছেন। আপাতত আমরা শুধু এতটুকু তথ্যই দিতে পারি।”

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, “রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।”

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা ৩ জেলার ডিসি প্রত্যাহার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন "সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন" প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ'র বৃক্ষ রোপন কর্মসূচি তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক