মাহফিলে যাওয়ার পথে শিক্ষা উপ-সচিব নিহত
বরিশালের মুলাদীতে নিজ বাসা থেকে মাহফিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. ফরহাদ হোসেন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে মুলাদী উপজেলার প্যাদারহাট সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ড. মো. ফরহাদ হোসেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১) উপ-সচিব হিসেবে কর্মরত ছিলেন।
মুলাদী থানার ওসি জহিরুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ফরহাদ হোসেন মুলাদী সদর ইউনিয়নের চর লক্ষীপুর এলাকায় মাওলানা আব্দুল কাদেরের ছেলে।
উপজেলার চরলক্ষীপুর নন্দীরবাজার মাহফিল আয়োজক কমিটির এক সদস্য জানান, শুক্রবার নন্দীর বাজারে একটি মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপ-সচিব ড. ফরহাদ। মাহফিলে অংশ নিতে তিনি ঢাকা থেকে বরিশালে আসেন তিনি। বিকেলে মীরগঞ্জ ফেরিঘাট থেকে একটি থ্রি-হুইলারের (আলফা-মাহিন্দ্রা) যাত্রী হয়ে মুলাদী সদরে চরলক্ষীপুরে যাচ্ছিলেন ফরহাদ হোসেন। পথে থ্রি হুইলারটি প্যাদারহাট পার হয়ে হাওলাদার ব্রিজের কাছে এলে হঠাৎ একটি কুকুর সামনে এসে পড়ে। তখন চালক ব্রেক করলে থ্রি হুইলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
ওসি বলেন, চালকের যে পাশে ফরহাদ হোসেন বসা ছিলেন মাহিন্দ্রাটি সেই পাশেই উল্টে যায়। এতে ফরহাদ হোসেন মাথায় গুরুত্বর আঘাতপ্রাপ্ত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনায় থ্রি-হুইলার চালক ও অন্য যাত্রীরা তেমন আহত হয়নি।
মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, হাসপাতালে আসার আগেই ড. ফরহাদ হোসেনের মৃত্যু হয়।




আপনার মতামত লিখুন