খুঁজুন
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২৭ মাঘ, ১৪৩২

কাস্টমস ও ভ্যাট সেবার মানোন্নয়নে ১৪ নির্দেশনা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২৭ অপরাহ্ণ
কাস্টমস ও ভ্যাট সেবার মানোন্নয়নে ১৪ নির্দেশনা

বিনিয়োগ ও সেবাবান্ধব ব্যবসা বাণিজ্যের পরিবেশ তৈরির লক্ষ্যে বিভিন্ন কাস্টমস হাউস, ভ্যাট কমিশনারেট ও ভ্যাট সংশ্লিষ্ট দপ্তরে ১৪টি নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) ফারজানা আফরোজের সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, বিনিয়োগবান্ধব ব্যবসা-বাণিজ্যের পরিবেশ তৈরিতে এবং কাস্টমস ও ভ্যাট সেবার মানোন্নয়নে এই নির্দেশনা গুলো অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশনাগুলো হলো-

কমিশনার বা মহাপরিচালক তথা দপ্তর প্রধান কর্মকর্তা- কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করবেন। পাশাপাশি, বিনা অনুমতিতে কেউ যেন কর্মস্থল ত্যাগ না করে সেটিও নিশ্চিত করবেন।

দপ্তরের সব সেবার তালিকা (প্রযোজ্য আইন, বিধিমালা, এসআরও, প্রজ্ঞাপন, স্থায়ী আদেশ, বিশেষ আদেশ, অফিস আদেশ) সিটিজেনস চার্টারে অন্তর্ভুক্ত করে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্ব-স্ব ওয়েবসাইটে প্রদর্শন করতে হবে।

সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদানের লক্ষ্যে দপ্তরসমূহে ডি-নথি প্রবর্তন করে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে অবহিত করতে হবে।

কাস্টমস অটোমেটেড সিস্টেম (অ্যাসাইকুডা ওয়ার্ল্ড) এবং ভ্যাট অনলাইন সিস্টেম (আইভাস) এর আওতার বাইরে যে সব সেবা ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে স্বল্প ও মধ্য মেয়াদে ইনোভেশন কার্যক্রম অটোমেশনের মাধ্যমে প্রদান করা সম্ভব তার একটি তালিকা ১৫ অক্টোবরের মধ্যে এনবিআরে পাঠাতে হবে।

আগামী ১ অক্টোবর থেকে দপ্তর প্রধান দৈনিক রোস্টার ভিত্তিতে ডিউটি অফিসার নিয়োগ করবেন এবং ডিউটি অফিসারের দায়িত্ব ও কার্যাবলী সুনির্দিষ্ট করে অফিস আদেশ জারি করবেন।

স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়মিত আলোচনাসভা অনুষ্ঠানের বিদ্যমান কাঠামো অধিকতর জোরদার করতে হবে। একটি কার্যকর অভিযোগ প্রতিকার ব্যবস্থা গড়ে তুলতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উদ্যোগী ভূমিকা পালন করবেন।

কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে মহামান্য হাইকোর্ট কর্তৃক প্রদত্ত নীতিমালা, ২০০৯ যথাযথভাবে অনুসরণ করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা আদেশ যথাযথভাবে অনুসরণ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রীর পরিবর্তে বিকল্প পণ্য সামগ্রী ব্যবহার করতে হবে।

সাপ্লাই চেইন নিরবচ্ছিন্ন রাখতে ২৪/৭ কার্যক্রম চলমান রয়েছে এমন কাস্টমস হাউসসমূহ ছাড়াও অন্যান্য দপ্তর এবং এলসি স্টেশনে প্রয়োজনের নিরিখে নির্ধারিত সময়ের বাইরেও পণ্য খালাস সেবা জোরদার করতে হবে।

বিমানবন্দরে যাত্রী বিশেষ করে অভিবাসী কর্মীদের সঙ্গে পেশাদারি ও যাত্রীবান্ধব আচরণ নিশ্চিত করতে হবে।

বিদ্যমান ওয়েবসাইট আগামী ২০২৫ সালের ১ জানুয়ারির মধ্যে সরকারি ফরমেটে প্রবর্তন করতে হবে। কোনো দপ্তরের ওয়েবসাইট না থাকলে সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে সরকারি ফরমেটে তা চালু করতে হবে।

বার্ষিক প্রশিক্ষণ-পঞ্জি প্রণয়ন করে কর্মকর্তা ও কর্মচারীর জন্য বিভিন্ন কারিগরি, প্রায়োগিক এবং পেশাগত আচরণ ও দক্ষতা উন্নয়ন বিষয়ক ইন-হাউস প্রশিক্ষণের আয়োজন করতে হবে।

অফিসে মধ্যাহ্ন বিরতির নির্ধারিত সময়সীমা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

প্রতি মাসে অন্তত একবার অধীনস্ত দপ্তরসমূহ পরিদর্শন ও সেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এদেশের মাটিতে হাদি হত্যার বিচার হবে: বেলকুচিতে বিএনপি প্রার্থী আলীমের জনসভায় টুকু

রেজাউল করিম, সিনিয়র রিপোর্টারঃ
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
এদেশের মাটিতে হাদি হত্যার বিচার হবে: বেলকুচিতে বিএনপি প্রার্থী আলীমের জনসভায় টুকু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কেউ কেউ দাবি–দাওয়া তুলে নির্বাচন বন্ধ করার চেষ্টা করছে। কখনো স্লোগান দেওয়া হচ্ছে ‘আগে হাদির বিচার, পরে নির্বাচন’। আমরা বিএনপিও হাদির বিচার চাই। হাদির বিচার এদেশের মাটিতেই হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকেল পাঁচটায় বেলকুচি সরকারি কলেজ মাঠে বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। 

তিনি বলেন, একটি গুপ্ত দল দীর্ঘ সময় ছাত্রলীগ ও যুবলীগের পরিচয়ে সক্রিয় ছিল। শেখ হাসিনার পতনের পর তারা প্রকাশ্যে এসে নিজেদের বিপ্লবী হিসেবে তুলে ধরছে। এখন তারা নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের ষড়যন্ত্র করছে। 

টুকু জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেন, আপনারা ষড়যন্ত্র করছেন। ঢাকায় বৈঠক করে বলা হচ্ছে ক্ষমতায় গেলে অমুক ছাত্রনেতাকে মন্ত্রী বানানো হবে। মানুষ হিসাব করতে পারে। সরকার গঠন না করেই যদি ধরে নেন ষড়যন্ত্র করে ক্ষমতায় যাবেন, তাহলে জনগণ তা মেনে নেবে না।

তিনি আরও বলেন, তাঁরা সৎ মানুষের শাসনের কথা বলেন। তাহলে কি আমরা সবাই অসৎ? নির্বাচনে কী পরিমাণ টাকা খরচ হচ্ছে মানুষ দেখছে। সেই টাকার উৎস কোথায়। আর আমরা সীমিত সামর্থ্য নিয়ে হিমসিম খাচ্ছি।

ধর্মের প্রসঙ্গ টেনে টুকু বলেন, ইসলামের নামে ভোট চাওয়া হচ্ছে। কোরআনে স্পষ্ট বলা আছে ধর্মকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করা যাবে না এবং ধর্মের বিনিময় করা যাবে না। সেই নির্দেশ অমান্য করেই তারা রাজনীতিতে ধর্ম ব্যবহার করছে।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের ধানের শীষের প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম। তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক গোলাম মওলা খান বাবলুসহ জনসভায় জেলা ও উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিদেশগামীদের জন্য দ্রুত ঋণের ব্যবস্থা করা হবে, জমি বিক্রি করতে হবে না: তারেক রহমান

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
বিদেশগামীদের জন্য দ্রুত ঋণের ব্যবস্থা করা হবে, জমি বিক্রি করতে হবে না: তারেক রহমান

বিদেশগামীদের যেন জমিজমা বিক্রি করতে না হয়, সেজন্য সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে নির্বাচনি পথসভায় তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, এই ঋণের মাধ্যমে তারা সহজেই বিদেশের যাওয়ার খরচ মেটাতে পারবেন এবং বিদেশে গিয়ে উপার্জিত অর্থ দিয়ে পরবর্তীতে তা পরিশোধ করতে পারবেন।

তিনি বলেন, দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে। এর মাধ্যমে তারা যেন দেশে এবং বিদেশে সম্মানজনক কাজ করে স্বাবলম্বী হতে পারে এবং দেশের বেকারত্ব ঘুচাতে পারে।

ধর্মগুরুদের নিয়ে তারেক রহমান বলেন, মসজিদের ইমাম, মুয়াজ্জিব খতিব ও অন্যান্য ধর্মের যারা ধর্মগুরু আছেন বিএনপি ক্ষমতায় গেলে তাদের সম্মানীর ব্যবস্থা করা হবে। এতে তারা সমাজে সম্মানজনকভাবে বসবাস করতে পারবেন।

বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিএনপি রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে চায়।

তারেক রহমান বলেন, নির্বাচন ঘিরে মানুষের অনেক প্রত্যাশা তৈরি হয়। বিএনপির কাছে সারা বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা আছে। আমরাও সেভাবেই পরিকল্পনা গ্রহণ করতে চেষ্টা করেছি। পথসভায় ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের গুরুত্ব তুলে ধরেন তিনি।

ঢাকা-১৭ তে যানজট, জলাবদ্ধতা, বায়ু দূষণের সমস্যা আছে। আমরা একত্রে কাজ করলে সবাই মিলে এই সমস্যার সমাধান করতে পারব।

খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, স্বৈরাচারের সময় দেশত্যাগের প্রস্তাব দেয়া হলেও খালেদা জিয়া দেশ ছেড়ে কোথাও যাননি। খালেদা জিয়া জীবনের শেষ পর্যন্ত এদেশের মাটিতে ছিলেন। মানুষ ছেড়ে যাননি। সেজন্য আমাদেরও শেষ ঠিকানা এই দেশ।

তিনি আরও বলেন, বিএনপিই একমাত্র দল এই মুহূর্তে, যাদের দেশ গঠনের কর্মসূচি আছে। প্রতিবারই বিএনপির ওপর জনগণের সমর্থন ছিলো। তারা দেশ ও মানুষ ছেড়ে কোথাও যায়নি।

৪ দিন নির্বাচনি এলাকায় বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ
৪ দিন নির্বাচনি এলাকায় বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচনী এলাকায় অবস্থানের ওপর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে আগামী ১৩ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না।

সোমবার (৯ ফেব্রয়ারি) নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তি, কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত ওই নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না।

এই বিধিনিষেধ আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি সাড়ে বিকেল ৪টা পর্যন্ত কার্যকর থাকবে।

নির্দেশনায় আরো বলা হয়, নির্বাচন কমিশনের গৃহীত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এদেশের মাটিতে হাদি হত্যার বিচার হবে: বেলকুচিতে বিএনপি প্রার্থী আলীমের জনসভায় টুকু বিদেশগামীদের জন্য দ্রুত ঋণের ব্যবস্থা করা হবে, জমি বিক্রি করতে হবে না: তারেক রহমান ৪ দিন নির্বাচনি এলাকায় বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা ডিএনসিসি প্রশাসক এজাজকে অপসারণ, নতুন দায়িত্বে সুরাইয়া আখতার ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত 'অযৌক্তিক', ভোটারদের মধ্যে 'ভয় ও শঙ্কা সৃষ্টি' করবে: জামায়াত