সাময়িক বন্ধ থাকবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

অনলাইন নিউজ ডেস্ক
২৯ মে ২০২৫ ১১:৫৯ এএম
সাময়িক বন্ধ থাকবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির সব ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে ৬ দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিদ্যমান কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে আগামী ৯ জুন রাত ১২টা থেকে ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ছয় দিন সব ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।’

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এই আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং (শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট, ডেবিট কার্ড, এটিএম অ্যান্ড সিআরএম সার্ভিস, ইন্টারনেট ব্যাংকিং, সুইফট ইত্যাদি) কার্যক্রম ছয় দিন সাময়িকভাবে বন্ধ থাকবে।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১’-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...