খুঁজুন
শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ, ১৪৩২

জাপানে রেকর্ড বৃষ্টি, বন্যায় ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১:১৯ পূর্বাহ্ণ
জাপানে রেকর্ড বৃষ্টি, বন্যায় ৬ জনের মৃত্যু

জাপানে রেকর্ড বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১০ জন। সম্প্রতি দেশটির ইশিকাওয়া অঞ্চলে দেখা দিয়েছে এই বিপর্যয়।

বিবিসি জানিয়েছে, বন্যা-ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াজিমা এবং সুজু শহর। সেখানে গত শনিবার থেকে শুরু করে স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত অব্যাহত রয়েছে ভারী বৃষ্টিপাত। স্থানীয় মিডিয়া জানিয়েছে, রোববার উভয় শহরেই গড়ে বছরে সেপ্টেম্বরে যে পরিমাণ বৃষ্টিপাত হয়, তার দ্বিগুণ বৃষ্টি হয়েছে।

খবরে আরও বলা হয়েছে, কয়েক ডজন নদীর পানি উপচে পড়ছে, বেশ কয়েকটি রাস্তা ধসে গেছে এবং অঞ্চলজুড়ে ১০০টিরও বেশি সম্প্রদায় যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নিহতদের মধ্যে দুজনকে ওয়াজিমায় একটি ভূমিধস-বিধ্বস্ত সুড়ঙ্গের কাছে পাওয়া গেছে। তাদের মধ্যে একজন ছিলেন নির্মাণ শ্রমিক, যিনি রাস্তা মেরামত করতে গিয়েছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জাপান টাইমস জানিয়েছে, অন্যান্য নিহতদের মধ্যে দুজন বয়স্ক পুরুষ এবং একজন বয়স্ক নারী রয়েছেন।

জাপানের আবহাওয়া সংস্থা গত শনিবার ইশিকাওয়া অঞ্চলের জন্য ‘প্রাণ সংশয়ের’ সতর্কতা জারি করে, যা তাদের সর্বোচ্চ সতর্কতার মাত্রা। যদিও রোববার এটিকে নিয়মিত সতর্কতায় নামিয়ে আনা হয়। তবে সোমবার দুপুর পর্যন্ত মুষলধারে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনার কারণে কর্তৃপক্ষ সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

অঞ্চলটিতে সাম্প্রতিক ভূমিকম্পে ঘরবাড়ি হারানো লোকদের জন্য নির্মিত অস্থায়ী আবাসন বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এনএইচকে’র ফুটেজে দেখা গেছে, ওয়াজিমার পুরো রাস্তা পানির নিচে তলিয়ে রয়েছে।

অঞ্চলটি এখনো বছরের শুরুর দিকে আঘাত হানা ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ক্ষতি পূরণ করতে পারেনি। তার মধ্যেই বন্যা-ভূমিধস এলাকাবাসীর দুর্দশা আরও বাড়িয়ে দিয়েছে।

গত জানুয়ারিতে আঘাত হানা ওই ভূমিকম্পে কমপক্ষে ২৩৬ জন প্রাণ হারিয়েছিলেন।

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আমীর খসরু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৪:১০ অপরাহ্ণ
তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আমীর খসরু

তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানই নেতৃত্ব দিবেন। ডা. জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত ।’

খালেদা জিয়ার লন্ডন যাত্রার বিষয়ে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে তার বিদেশ যাত্রা। চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত। খুব শিগগিরই জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে।

এদিকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী।

তিনি বলেন, ‘ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বাংলাদেশ আসবে। সেইভাবে তারা এখন প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে। সবকিছুই কাতার কর্তৃপক্ষ অ্যারেজমন্টে হচ্ছে। তারাই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছে।’

নারায়ণগঞ্জে ঝুট মার্কেটে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৪:০৬ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে ঝুট মার্কেটে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই

নারায়ণগঞ্জ শহরের পালপাড়া এলাকায় ঝুট মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে শহরের অনুকূল ঠাকুরের মন্দিরের পাশে সমীরকর ঝুট মার্কেটে এই আগুন লাগে।

আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে-বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

মার্কেটে আগুনের ফলে ঝুট ও হোসিয়ারি দোকান, ছোট কারখানা ও বডি নিটিং মিলে প্রায় ৩০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে প্রায় ৩০টি দোকান পুড়ে গেছে, তবে এখনো সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

বিএনপির সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করল বাংলাদেশ লেবার পার্টি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ২:২১ অপরাহ্ণ
বিএনপির সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করল বাংলাদেশ লেবার পার্টি

আসনে ছাড় না পেয়ে এবার বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

শুক্রবার (৫ ডিসেম্বর) নয়া পল্টনের দলীয় কার্যালয়ে দলটির জাতীয় নির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় লেবার পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির একটি আসনে বিএনপির পক্ষ থেকে ছাড় দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই আসনে বিএনপি নিজ দলের প্রার্থী ঘোষণা করায় ক্ষুব্ধ হয় দলটি। এ ঘটনাকে কেন্দ্র করেই বিএনপির সঙ্গে প্রায় ২০ বছরের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করল দলটি।

দলের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি দীর্ঘ দিনের মিত্রতার সম্পর্ককে অবজ্ঞা করে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তারা সমমনা দলগুলোকে বাদ দিয়ে এককভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। এমন আচরণকে প্রতারণামূলক ও বেঈমানিপূর্ণ বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

লেবার পার্টির নেতৃবৃন্দ বলেন, বিএনপি অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদকে মনোনয়ন দিয়ে টাকার বিনিময়ে ‘মনোনয়ন বাণিজ্যে’ লিপ্ত হয়েছে। এতে বিএনপির নৈতিক নেতৃত্ব সম্পূর্ণরূপে প্রশ্নবিদ্ধ হয়েছে। বেগম খালেদা জিয়ার সংকটকালে মিত্রদের সঙ্গে এমন আচরণ কেউ প্রত্যাশা করেনি।

এছাড়া আগেও বিএনপি জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে ২০ দলীয় জোট ভেঙে দিয়েছিল বলে উল্লেখ করেন তারা। নেতারা মনে করেন, শরিকদের প্রতি অবজ্ঞা ও নীতিহীন মনোনয়নের মধ্য দিয়ে বিএনপি নিজেকে বন্ধুহীন ও নেতৃত্বহীন দলে পরিণত হয়েছে।

সভায় লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলামসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা বক্তব্য দেন।

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আমীর খসরু নারায়ণগঞ্জে ঝুট মার্কেটে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই বিএনপির সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করল বাংলাদেশ লেবার পার্টি ৩৬ বছর পর বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের সম্ভাবনা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করলো পাকিস্তান