কঠোর আন্দোলনের হুশিয়ারি
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাংবাদিক সংগঠনদের বিক্ষোভ
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন গণমাধ্যম সংগঠন ও সাংবাদিকেরা।
শনিবার (৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা এই মানববন্ধন ও বিক্ষোভে অংশ নিয়ে প্রতিবাদ জানান।
এসময় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে একজন সাংবাদিককে নৃশংস ও নির্মমভাবে হত্যা করা হয়েছে। অথচ রাষ্ট্র এখনো চাক্ষুষ কিছু করেনি। আমরা কার কাছে বিচার চাইবো? জুলাই আন্দোলনে হলো, বহু সাংবাদিক আহত হয়েছেন, নিহত হয়েছেন। এটাই কি সাংবাদিকদের প্রতিদান? গুটিকয়েক ঘাতককে গ্রেফতার করা হয়েছে। বাকিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এভাবে আর কতোদিন ?
রাষ্ট্রের ব্যর্থতা তুলে ধরে সাংবাদিকেরা বলেন, একজন সাংবাদিক মারা গেলেন- কয়টা রাজনৈতিক দল এখন পর্যন্ত প্রতিবাদ করেছে? কয়টা সুশীল সমাজ সাংবাদিক পরিবারের পাশে দাঁড়িয়েছে? একজনকে পাথর মেরে মাথা থেতলিয়ে দেওয়া হয়েছে, ভিডিও ফুটেজ আছে। তবুও এই রাষ্ট্র কিছু করতে পারছে না। এই অথর্ব প্রশাসন দিয়ে আমরা কি করব? এদেশে প্রায়শই সাংবাদিক মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, হত্যার শিকার হচ্ছে। অথচ কয়জন শাস্তি পাচ্ছে ? ঠিক একারণেই অপরাধীরা সাংবাদিক হত্যা ছেলেখেলা মনে করে।
দিন যত যাচ্ছে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে বিভিন্ন সাংবাদিক সংগঠন ক্রমশ সোচ্চার হচ্ছে। এমনকি কিছু কিছু সংগঠনের নেতারা বলেন, অতিদ্রুত সরকার সকল হত্যাকারী, সহযোগীকে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত না করলে তারা কঠোর কর্মসূচি দিবে।
মূলত গাজীপুরে একটি জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার পর থেকেই ফুঁসে ওঠে সাংবাদিক সমাজ। সেদিন থেকেই প্রতিবাদ শুরু বিভিন্ন সাংবাদিক সংগঠন। তবে আজকের প্রতিবাদ ছিলো বেশ জোড়ালো। আগামীতে এই প্রতিবাদ যে আরও বেগবান হবে এ-কথা বলাই যায়।




আপনার মতামত লিখুন