খুঁজুন

স্প্রিংয়ের ওজন ছিলো ৪০-৫০ কেজি

মেট্রোরেলের পিলারের বিয়ারিং স্প্রিং ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ

মহানগর প্রতিনিধি, ঢাকা
প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ণ
মেট্রোরেলের পিলারের বিয়ারিং স্প্রিং ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলারের বেয়ারিং প্যাড খুলে মাথায় পড়ে আবুল কালাম (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রোস্টেশন-সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়।

এই ঘটনার পর দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে দুপুর ২টা নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত শুধু দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু থাকবে।

উপদেষ্টার কথামতো, ঘটনার আড়াই ঘণ্টা পর বিকেল ৩টায় মেট্রো চলাচল আবার আংশিক চালু হয়। সন্ধ্যা ৭টায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর এক ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, মতিঝিল হতে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল সেবা ৭.১৫ মিনিটে চালু হয়েছে।

এর আগে, বাকি অংশ কখন চালু হতে পারে এমন প্রশ্নের জবাবে দুপুরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এমডি ফারুক হোসেন বলেন, ‘বাকি অংশ চেষ্টা করা হবে আজকে চালু করার। তবে এই কাজ শেষ হতে একটু সময় লাগবে।’

উপদেষ্টা আরও জানিয়েছেন, এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া, তার পরিবারের কোনো কর্মক্ষম সদস্য থাকলে তাকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, ‘সেতু বিভাগের সচিব আবদুর রউফকে আহ্বায়ক করে আমরা তদন্ত কমিটি গঠন করেছি৷ তারা আগামী ২ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন। তারা আগের ঘটনার তদন্ত রিপোর্ট পর্যালোচনা করবেন এবং কেন এই ঘটনা ঘটছে সেটা খুঁজে বের করবেন।’

সরেজমিনে দেখা যায়, ৪৩৩ নম্বর পিলারের যে অংশ থেকে বেয়ারিং প্যাডটি খুলে পড়েছে, সেই জায়গার ডায়ার একপাশে কিছুটা দেবে গেছে। তবে বিকেল ৩টার দিকে মেট্রোরেল কর্তৃপক্ষের একটি কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেছে।

কারিগরি দল পৌঁছালে জানা যায়, মেট্রোরেলের ঐ অংশ থেকে দুটি প্যাডই খসে পড়েছে। একটি নিচে ছিটকে পড়লেও বাকিটি খুঁজে পাওয়া যাচ্ছে না।

পর্যবেক্ষণে আসা এক ইঞ্জিনিয়ার গণমাধ্যমে বলেন, ‘আমরা উপরে গিয়ে দেখেছি যে সেখানে দুটি স্প্রিং প্যাডই মিসিং। সেটি উপরেও খুঁজেছি আমরা কিন্তু সেখানেও পাওয়া যায়নি। প্যাড পড়ে যাওয়ায় উপরের ডায়া নিচের কলামের সাথে আটকে আছে।

বাংলাদেশী ২ জন ইঞ্জিনিয়ার উপরে উঠে ডায়ার ভেতরের পরিস্থিতি দেখতে গিয়েছিলেন। পর্যবেক্ষণ শেষে একজন ইঞ্জিনিয়ার জানান, সেখানে স্প্রিং প্যাড বসানো ব্যতীত মেট্রোরেল চলাচল সম্ভব হবে না।

এর আগে ঘটনাস্থলে পৌঁছে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, ‘১২টা ৩০ থেকে ৩৫ মিনিটের সময় পথচারী আবুল কালাম রাস্তা দিয়ে হাঁটছিলেন, এসময় উপর থেকে বিয়ারিং প্যাড পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

দুর্ঘটনাজনিত মৃত্যু হওয়ায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘এটা অপ্রত্যাশিত ঘটনা। এটা কেন হলো সেটা তো বলতে পারব না, এটার টেকনিক্যাল জ্ঞান আমার নেই—এটা কেন খুলে পড়ল। এটা যারা টেকনিক্যাল সাপোর্ট দেন তারা বলতে পারবেন’।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১২টার দিকে বিরাট আকারের বেয়ারিং প্যাডটি ছিটকে পড়ে। এ সময় ফুটপাত দিয়ে ওই তরুণ ব্যাগ কাঁধে হেঁটে যাচ্ছিলেন। প্যাডটি তার মাথায় আঘাত করে পাশের একটি চাপ-শিঙাড়ার দোকানে আঘাত করে। এতে ওই দোকানের সামনের কাঁচ ভেঙে দুইজন আহত হন। আর মাথায় আঘাত লাগা ওই তরুণ ঘটনাস্থলেই তাৎক্ষণিক মারা যান।

নিচে পড়া স্প্রিংটির ওজন ৪০-৫০ কেজি হবে বলে উল্লেখ করেছেন প্রত্যক্ষদর্শীরা।

বেয়ারিং প্যাড বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি উপাদান। এটি পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয়। এসবের একেকটির ওজন ১৪০ থেকে ১৫০ কেজি। এসব বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়াল পথ দেবে যাওয়া কিংবা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ফার্মগেট ও বিজয় সরণির একটি অংশে একটি বেয়ারিং প্যাড খুলে পড়ে। ওই ঘটনায় বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মধ্যে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। এর মধ্যেই দ্বিতীয়বার বেয়ারিং প্যাড খুলে পড়ে একজন নিহত হওয়ার ঘটনা ঘটল।

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু