খুঁজুন

ক্ষোভে জ্বলছে ভারতীয়রা

পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের ৭ রাজ্য!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৮:৫০ পূর্বাহ্ণ
পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের ৭ রাজ্য!

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির (জেসিএসসি) চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জাকে একটি বই উপহার দেওয়ায় ভারতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ‘দ্য আর্ট অফ ট্রায়াম্ফ: গ্রাফিতি অফ বাংলাদেশ’স নিউ ডন’ শীর্ষক বইটির প্রচ্ছদ নিয়ে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। এ নিয়ে প্রতিবেদন করতে দেখা গেছে ডজনেরও অধিক ভারতীয় গণমাধ্যমকে।

ভারতীয় গণমাধ্যম ও নেটনাগরিকদের অভিযোগ, বইটির প্রচ্ছদে বাংলাদেশের যে গ্রাফিতি মানচিত্র ব্যবহার করা হয়েছে, তাতে বিকৃতি রয়েছে। এতে ভারতের সাতটি উত্তর-পূর্ব রাজ্যের (‘সেভেন সিস্টার্স’) কিছু অংশকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে বলে দাবি করা হয়েছে। মানচিত্রটিকে ‘বৃহত্তর বাংলাদেশ’ ধারণার প্রতীক হিসেবে অপপ্রচার করতে দেখা গেছে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের।

এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ভারতের উত্তর পুর্বাঞ্চলের কোনো অংশ গ্রাফিতি মানচিত্রটিতে অন্তর্ভুক্ত হয়েছে বলে দাবি করাটা সম্পূর্ণ অসত্য এবং কল্পনাপ্রসূত। সোমবার রাতে দেওয়া ওই পোস্টে বলা হয়, আজ ২৭ অক্টোবর ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে দাবি করেছে যে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান (সিজেসিসি) চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জাকে একটি পতাকা উপহার দিয়েছেন যেখানে বাংলাদেশের পতাকায় ভারতের উত্তর পুর্বাঞ্চলকে জুড়ে দেওয়া হয়েছে। দাবিটি সম্পূর্ণ অসত্য এবং কল্পনাপ্রসূত।

বিষয়টি স্পষ্ট করে প্রেস উইং আরও বলেছে, মূলত, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের একটি সংকলন ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ পাকিস্তানের জেনারেলকে উপহার দিয়েছেন। এটি গণঅভ্যুত্থানের উপর রচিত একটি সচিত্র দলিল। এর মধ্যে সংকলিত হয়েছে ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত বিপ্লবের ঐতিহাসিক চিত্র। সংকলনটি প্রকাশ করেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন।

গত বছরের জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বইটি এর আগে প্রধান উপদেষ্টা বহু বিশিষ্ট বিদেশি অতিথিদের উপহার দিয়েছেন। তবে পাক জেনারেলকে এটি উপহার দেওয়ার পর অপতথ্য জুড়ে দিয়ে ছবি ভাইরাল করে বাংলাদেশের বিরুদ্ধে ক্ষোভ আগলে দিতে দেখা গেছে ভারতীয়দের।

এর আগে, ঐতিহাসিক তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা একটি প্রাচীন মানচিত্র নিয়ে ব্যাপক অপপ্রচার চালায় ভারত। গত এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রদর্শনীতে মানচিত্রটি দেখানো হয়, যা নিয়ে ভারতের সংসদেও অযাচিতভাবে উদ্বেগ জানানো হয়।

গত এপ্রিলে চীন সফরের সময়ও ড. ইউনূস ভারতের প্রতি পরোক্ষভাবে কড়া মন্তব্য করেন। সে সময় তিনি বাংলাদেশকে “মহাসাগরের একমাত্র অভিভাবক” বলে উল্লেখ করেন এবং বলেন যে, ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্য স্থলবেষ্টিত দেশ হওয়ায় তাদের মহাসাগরে পৌঁছানোর কোনো উপায় নেই, যা নিয়ে ক্ষুব্ধ হয় ভারতীয়রা।‌

পাকিস্তানের একজন সামরিক জেনারেলের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাধারণ একটি উপহার বিনিময় নিয়ে রীতিমত হইচই ফেলে দিয়েছে হলুদ সাংবাদিকতায় বিশ্বে শীর্ষে অবস্থান দখল করা ভারতীয় গণমাধ্যম। কোনো রকম যাচাই-বাছাই ছাড়া বিষয়টিকে ইস্যু বানিয়ে বরাবরের মতো এবারও দেশটির নাগরিকদের বাংলাদেশের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার চেষ্টা চালানো হচ্ছে দেশটির তথাকথিত গণমাধ্যমগুলোতে।

ভারতের এই সময় তার শিরোনামে লিখেছে, ‘‘বাংলাদেশের মানচিত্রে উত্তর-পূর্ব ভারত! পাকিস্তানি জেনারেলকে ইউনূসের উপহার, নয়াদিল্লিকে উস্কানি?”পত্রিকাটি উপশিরোনামে লিখেছে, “পাক জেনারেলকে এই বই উপহার দেওয়া শুধুমাত্র কূটনৈতিক শিষ্ঠাচার নয় বলেই মনে করছেন ভারতীয় গোয়েন্দারা।’’

এই সময় উত্তেজনা ছড়িয়ে আরো লিখেছে, ‘‘এক সূত্র জানিয়েছে, এই পদক্ষেপ ঢাকা ও ইসলামাবাদের সামরিক শক্তির গোপনে হাত মেলানোর ইঙ্গিত। এর মধ্য দিয়ে ভারতের উপরে একটা মানসিক চাপ তৈরির চেষ্টা বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা।’’

এবিপি আনন্দ তাদের উস্কানিমূলক শিরোনামে লিখেছে, ‘‘ভারতের উত্তর-পূর্ব নিয়ে বিতর্কিত ম্যাপ, পাকিস্তানের জেনারেলকে উপহার ইউনূসের ; কী ফন্দি আঁটছে ২ দেশ ?’’

দ্য ওয়াল অপতথ্য ছড়িয়ে লিখেছে, ‘‘ভারতের ৭ রাজ্য বাংলাদেশের মানচিত্রে, পাক-প্রীতি দেখাতে কট্টর ইসলামিদের স্বপ্ন ইউনুসের চোখে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস ফের একবার পড়শি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে দাগ লাগানোর চেষ্টা করলেন।’’

অন্যদিকে, ষড়যন্ত্র তত্ব আবিষ্কার করে ভারতের নিউজ ১৮ লিখেছে, ‘‘কোন চাল চালছে বাংলাদেশ? কেন টার্গেট করছে নর্থ-ইস্টকে…পাকিস্তান-চিন, পিছনে আছে গভীর আর পুরনো ষড়যন্ত্র এবং কারণ।’’

প্রেস উইং তাদের ব্যাখ্যায় আরও বলেছে, গ্রাফিতি সংকলনের প্রচ্ছদে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদের পিছনে রক্তরাঙ্গা বাংলাদেশের মানচিত্র প্রদর্শিত হয়েছে।

প্রচ্ছদে দৃশ্যমান মানচিত্রটি গ্রাফিতি হিসেবে অঙ্কিত হওয়ায় বাংলাদেশের মূল মানচিত্রের পরিমাপের কিছুটা হেরফের হয়েছে বলে কারো কাছে মনে হতে পারে। কিন্তু ভারতের উত্তর পুর্বাঞ্চলের কোনো অংশ গ্রাফিতি মানচিত্রটিতে অন্তর্ভুক্ত হয়েছে বলে দাবি করাটা সম্পূর্ণ অসত্য এবং কল্পনাপ্রসূত।

‘‘বাংলাদেশের মানচিত্রের সাথে উল্লেখিত গ্রাফিতিতে দৃশ্যমান মানচিত্রের তুলনামূলক বিশ্লেষণে দেখা যাচ্ছে, অঙ্কিত মানচিত্রটিতে বাংলাদেশের প্রকৃত মানচিত্র প্রায় হুবহুভাবেই প্রতিফলিত হয়েছে। এর আগেও প্রধান উপদেষ্টা ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ জাতিসঙ্ঘ প্রধান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বিশ্ব নেতাদের উপহার দিয়েছেন।’’

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু