বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

নিউজ ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬ ৭:১৯ পিএম
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন শফিকুল ইসলাম। বুধবার তাকে এ পদে পদোন্নতি দেওয়া হয়। এর আগে তিনি কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক পদে কর্মরত ছিলেন।

শফিকুল ইসলাম ১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (পরিসংখ্যান) হিসেবে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই), বৈদেশিক ঋণ, আন্তর্জাতিক বিনিয়োগ অবস্থান (আইআইপি), রপ্তানি আয়, আমদানি ব্যয়, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং লেনদেনের ভারসাম্যসংক্রান্ত পরিসংখ্যান সংকলন ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ওএফসি সার্ভে ইউনিট, বিগ ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড ডেটা সায়েন্স ইউনিট এবং এসডিডিএস ইউনিটের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

পেশাগত দক্ষতা উন্নয়নে তিনি যুক্তরাষ্ট্রে লেনদেনের ভারসাম্য (ব্যালান্স অব পেমেন্টস) বিষয়ে ছয় সপ্তাহব্যাপী বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেন। পাশাপাশি তানজানিয়া, সিঙ্গাপুর ও ভারতে বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশ নেন। বিশ্বব্যাংকের ‘বিজনেস রেডি ২০২৬’ কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তাঁকে ‘সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন’ প্রদান করা হয়।

বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) দায়িত্ব পালনকালে তিনি ঋণতথ্য ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। এ সময় তিনি সিঙ্গাপুরের ক্রেডিট ব্যুরো পরিদর্শন করেন। বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি এবং বিভিন্ন ব্যাংক আয়োজিত সিআইবিবিষয়ক কর্মশালায় প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।

শফিকুল ইসলামের জন্ম বরিশাল জেলার মেহেন্দীগঞ্জে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ওই বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। এমএসসি পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...