খুঁজুন
শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ, ১৪৩২

ঐকমত্য কমিশনের ব্যয় ৮৩ কোটি নয়, প্রকৃত হিসাব দিলেন আইন উপদেষ্টা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ২:৫৮ অপরাহ্ণ
ঐকমত্য কমিশনের ব্যয় ৮৩ কোটি নয়, প্রকৃত হিসাব দিলেন আইন উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে সম্প্রতি ছড়ানো অপপ্রচারকে ‘সবৈর্ব্য মিথ্যাচার’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন আপ্যায়ন বাবদ ৮৩ কোটি টাকা ব্যয় করেছে’- এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

ড. আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে জানান, পরিকল্পিত এই প্রপাগান্ডার মাধ্যমে অপপ্রচারকারীরা কমিশনের কোনো ভাষ্য সংগ্রহ করেনি এবং সংশ্লিষ্ট তথ্য যাচাই করেনি। তিনি বিস্তারিত ব্যয় হিসাবও প্রকাশ করেছেন।

কমিশন ১৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে কার্যক্রম শুরু করে। ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের মোট বাজেট ছিল ৭ কোটি ২৩ লাখ ৩১ হাজার ২৬ টাকা। ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত কমিশনের ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৩১ হাজার ১১২৬ টাকা, যা বরাদ্দের মাত্র ২৩.৪৬ শতাংশ। আপ্যায়ন খাতে বরাদ্দ ছিল ৬৩ লাখ টাকা, যা থেকে ব্যয় হয়েছে ৪৫ লাখ ৭৭ হাজার ৬৮৫ টাকা।

আসিফ নজরুল জানান, আপ্যায়ন খরচের মূল অংশ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক ও আলোচনা সভায় হয়েছে। প্রথম পর্যায়ে ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৪৪টি বৈঠকে ব্যয় হয়েছে ৪ লাখ ৯১ হাজার টাকা। দ্বিতীয় পর্যায়ে ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি দলের প্রতিনিধির সঙ্গে ২৩টি সভায় ব্যয় হয়েছে ২৮ লাখ ৮৩ হাজার ১০০ টাকা। এই সময়ে দৈনিক ব্যয় ছিল গড়ে ১ লাখ ২০ হাজার টাকার কম নয়। তৃতীয় পর্যায়ে ৭টি বৈঠকে ৩০ দলের প্রতিনিধির অংশগ্রহণে ব্যয় হয়েছে ৭ লাখ ৮ হাজার ৬০০ টাকা।

এছাড়া ৫০টি অন্যান্য সভায় ব্যয় হয়েছে ১ লাখ ৫ হাজার ৫২০ টাকা। অনানুষ্ঠানিক বৈঠক, নাগরিক সমাজ ও পেশাজীবীদের সঙ্গে ১৩টি বৈঠকে ব্যয় হয়েছে ২ লাখ ৩৪০ টাকা, বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে ব্যয় হয়েছে ৩০ হাজার ৯৬০ টাকা। অতিথি আপ্যায়নে নয় মাসে ব্যয় হয়েছে ২ লাখ টাকা। অতিথিদের মধ্যে ছিলেন বিদেশি কূটনীতিবিদ, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও অন্যান্যরা।

তিনি বলেন, ‘৮৩ কোটি টাকা ব্যয়ের অভিযোগ কেবল মিথ্যাচার নয়, এটি কমিশন এবং তার কাজকে হেয় করার পরিকল্পিত প্রচেষ্টা মাত্র। কমিশন অত্যন্ত স্বচ্ছভাবে দায়িত্ব পালন করেছে। সাংবাদিকরা প্রতিদিন খবর সংগ্রহের সুযোগ পেয়েছেন, প্রেস ব্রিফিং নিয়মিত হয়েছে, এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে।’

এই উপদেষ্টা আশা প্রকাশ করেন, ‘অসৎ প্রপাগান্ডা ছড়ানো মহল দ্রুত ভুল স্বীকার করবে এবং ক্ষমা চাবে। গণমাধ্যমগুলো সঠিক তথ্য প্রচার করে জনগণকে বিভ্রান্তির হাত থেকে রক্ষা করবে।’

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আমীর খসরু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৪:১০ অপরাহ্ণ
তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আমীর খসরু

তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানই নেতৃত্ব দিবেন। ডা. জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত ।’

খালেদা জিয়ার লন্ডন যাত্রার বিষয়ে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে তার বিদেশ যাত্রা। চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত। খুব শিগগিরই জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে।

এদিকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী।

তিনি বলেন, ‘ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বাংলাদেশ আসবে। সেইভাবে তারা এখন প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে। সবকিছুই কাতার কর্তৃপক্ষ অ্যারেজমন্টে হচ্ছে। তারাই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছে।’

নারায়ণগঞ্জে ঝুট মার্কেটে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৪:০৬ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে ঝুট মার্কেটে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই

নারায়ণগঞ্জ শহরের পালপাড়া এলাকায় ঝুট মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে শহরের অনুকূল ঠাকুরের মন্দিরের পাশে সমীরকর ঝুট মার্কেটে এই আগুন লাগে।

আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে-বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

মার্কেটে আগুনের ফলে ঝুট ও হোসিয়ারি দোকান, ছোট কারখানা ও বডি নিটিং মিলে প্রায় ৩০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে প্রায় ৩০টি দোকান পুড়ে গেছে, তবে এখনো সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

বিএনপির সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করল বাংলাদেশ লেবার পার্টি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ২:২১ অপরাহ্ণ
বিএনপির সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করল বাংলাদেশ লেবার পার্টি

আসনে ছাড় না পেয়ে এবার বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

শুক্রবার (৫ ডিসেম্বর) নয়া পল্টনের দলীয় কার্যালয়ে দলটির জাতীয় নির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় লেবার পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির একটি আসনে বিএনপির পক্ষ থেকে ছাড় দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই আসনে বিএনপি নিজ দলের প্রার্থী ঘোষণা করায় ক্ষুব্ধ হয় দলটি। এ ঘটনাকে কেন্দ্র করেই বিএনপির সঙ্গে প্রায় ২০ বছরের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করল দলটি।

দলের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি দীর্ঘ দিনের মিত্রতার সম্পর্ককে অবজ্ঞা করে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তারা সমমনা দলগুলোকে বাদ দিয়ে এককভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। এমন আচরণকে প্রতারণামূলক ও বেঈমানিপূর্ণ বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

লেবার পার্টির নেতৃবৃন্দ বলেন, বিএনপি অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদকে মনোনয়ন দিয়ে টাকার বিনিময়ে ‘মনোনয়ন বাণিজ্যে’ লিপ্ত হয়েছে। এতে বিএনপির নৈতিক নেতৃত্ব সম্পূর্ণরূপে প্রশ্নবিদ্ধ হয়েছে। বেগম খালেদা জিয়ার সংকটকালে মিত্রদের সঙ্গে এমন আচরণ কেউ প্রত্যাশা করেনি।

এছাড়া আগেও বিএনপি জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে ২০ দলীয় জোট ভেঙে দিয়েছিল বলে উল্লেখ করেন তারা। নেতারা মনে করেন, শরিকদের প্রতি অবজ্ঞা ও নীতিহীন মনোনয়নের মধ্য দিয়ে বিএনপি নিজেকে বন্ধুহীন ও নেতৃত্বহীন দলে পরিণত হয়েছে।

সভায় লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলামসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা বক্তব্য দেন।

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আমীর খসরু নারায়ণগঞ্জে ঝুট মার্কেটে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই বিএনপির সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করল বাংলাদেশ লেবার পার্টি ৩৬ বছর পর বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের সম্ভাবনা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করলো পাকিস্তান