মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় নদীতে পড়ে মৃত্যু
মিরপুরের বেরিবাধ এলাকায় বৃহস্পতিবার রাতে (১৩ নভেম্বর) একটি পার্ক করা বাসে আগুন লাগিয়ে পালানোর সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে তুরাগ নদীতে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শাহ আলী থানার তথ্য অনুযায়ী, রাত সাড়ে ১০টার দিকে শাহআলী থানাধীন উত্তর নবাবেরবাগ সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের উল্টা পাশে রাস্তায় পার্ক করে রাখা কিরণমালা পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়।
এবিষয়ে শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান বলেন, বাসে আগুন লাগানোর পর স্থানীয়রা দুইজনকে ধাওয়া করেন।
তিনি বলেন, ‘স্থানীয়রা একজনকে হাতেনাতে ধরতে সক্ষম হয়, আরেকজন পালানোর চেষ্টা করতে গিয়ে নদীতে ঝাঁপ দেয়। ধারণা করা হচ্ছে, সাঁতার না জানার কারণে সে ডুবে মারা গেছে।’
মৃত যুবকের নাম সাইয়াফ (১৮), আর স্থানীয়দের হাতে ধরা পড়া অন্যজনের পরিচয় নাহিয়ান আমির সানি (১৮)।
শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘বাসে আগুন লাগানোর পর স্থানীয়রা সন্দেহভাজনদের ধাওয়া করে। তাদের একজন পালানোর সময় তুরাগ নদীতে পড়ে যায় এবং পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আরেকজনকে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দেয়।’
একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘বাসে আগুন দিতে দেখে স্থানীয়রা দুইজনকে ধাওয়া করে। একজন আগুন লাগাচ্ছিলো, আরেকজন ভিডিও করছিলো। তারা দৌড় দিলে একজন নদীতে পড়ে যায়। ওই ছেলেটাই মারা গেছে।’
স্থানীয় লোকজন বলেন, ‘বাসে আগুন দেয়া দেখে আমরা ছেলে দুইটাকে ধাওয়া করি। তাদের একজনকে ধরতে পেরেছি, আরেকজন নদীতে লাফ দেয়। পানি থেকে উঠানো হলে তাকে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। অন্যজনকে আমরা পুলিশে দিয়েছি।’

